এপিবিএনের দায়িত্বের বিবরণ চাইল শাহজালাল কর্তৃপক্ষ
সদস্যদের দায়িত্ব ও কার্যপদ্ধতির লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন বা ল্যান্ডসাইড এলাকায় দায়িত্ব পালনরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও কার্যপদ্ধতির লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিট সামনে রেখে এই তথ্য চাওয়া হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদের সই করা চিঠিতে ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা কার্যপদ্ধতি চূড়ান্ত করে জমা দিতে বলা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর এ বিষয়ে চিঠি দেওয়া হলেও ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এপিবিএনের পক্ষ থেকে প্রয়োজনীয় বিবরণ জমা দেওয়া হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে এসওপি পাওয়া গেলে সেটি বেসামরিক বিমান চলাচল সদরদফতরে পাঠানো হবে। পরে অনুমোদন শেষে তা আবার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আসবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, এর আগেও এ ধরনের লিখিত বিবরণ চাওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে চাওয়া হলেও তা সরবরাহ করা হয়নি। এপিবিএন বিমানবন্দরে মোতায়েনের শুরুর দিকে একবার এ ধরনের দায়িত্বের বিবরণ দেওয়া হয়েছিল বলে সূত্র জানিয়েছে।
শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগের পরিচালক উইং কমান্ডার আশফাক ওয়ালী বলেন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক এপিবিএনের কাছে তাদের দায়িত্ব পালনের লিখিত বিবরণ চেয়েছেন। নির্ধারিত সময় ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, সামনে আইকাওয়ের নিরাপত্তা অডিট থাকায় বিষয়টি গুরুত্বপূর্ণ। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোন সংস্থা কীভাবে দায়িত্ব পালন করে, অডিটের সময় সেটিও পর্যালোচনা করা হবে। এ কারণে বিমানবন্দরের বহিরাঙ্গন বা ল্যান্ডসাইড এলাকায় এপিবিএনের দায়িত্ব ও কার্যপদ্ধতির লিখিত বিবরণ কর্তৃপক্ষের কাছে থাকা প্রয়োজন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে আইকাওয়ের অন-সাইট নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে। এ অডিটে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কতটা কার্যকর, তা পর্যালোচনা করা হবে।
চিঠিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের পরিবহন বিভাগ শাহজালাল বিমানবন্দরের ল্যান্ডসাইড নিরাপত্তা আরও জোরদার করতে জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কর্মসূচি ও বিমানবন্দর নিরাপত্তা কর্মসূচির আলোকে একটি সুনির্দিষ্ট এসওপি তৈরির সুপারিশ করেছে।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান চলাচল নিরাপত্তা তদারকির একক কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আইন অনুযায়ী বিমানবন্দরে বিভিন্ন সংস্থার নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব বণ্টনের ক্ষমতাও বেবিচকের হাতে। সেই অনুযায়ী ল্যান্ডসাইড নিরাপত্তার মূল দায়িত্ব এপিবিএনের ওপর রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের চিঠিতে ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা আরও সুসংহত, সমন্বিত ও জবাবদিহিমূলক করতে জরুরি ভিত্তিতে এসওপি চূড়ান্ত করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এপিবিএনের অধিনায়ক শেখ বশির উদ্দিন জানিয়েছেন, তাঁরা চিঠি পেয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে এপিবিএন সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগও গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টি বিমানবন্দর সংক্রান্ত জাতীয় কমিটিতে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এপিবিএনকে নির্দেশ দেওয়া হয়েছে।
