উত্তর আমেরিকায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় সংগঠন ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদদাতা মুজিব মাসুদ ও জাগোনিউজ২৪ডটকমের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার।
রোববার ফোবানার চেয়ারপারসন আজাদুল হক ও নির্বাহী সম্পাদক এম মাওলা দিলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫-১৬ সালের জন্য মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ফোবানার বর্তমান চেয়ারপারসন আজাদুল হক। কমিটির কো-চেয়ারপারসন হয়েছেন, আবীর আলমগীর (এনটিভি), অ্যাডভাইজার ইকবাল বাহার চৌধুরী, কো-চেয়ারপারসন দেওয়ান মনিরুজ্জামান (সাংবাদিক)।
এছাড়া আটজনকে সদস্য নির্বাচিত করা হয়েছে। তারা হলেন- দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদদাতা ও চিটাগাং জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক (সিজেএফডি) মুজিব মাসুদ, জাগোনিউজ২৪ডটকমের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, আটলান্টার খবর ডটকমের রুমি কবির, মানচিত্র নিউজের সম্পাদক এএইচ রাসেল, লাইভটুওয়েবের সিইও সামসুর রহমান, আগামী টিভির ড. রবিউল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট এন্থনি পি গোমেজ ও বাংলাদেশীর সম্পাদক সরাফাত হোসাইন বাবু।
এর আগে গত সেপ্টেম্বরে ওয়াশিংটনের আর্লিংটনে পেন্টাগন সিটি হোটেলে সম্মেলনের শেষ দিন ফোবানার নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এতে এক বছরের জন্য ফোবানার চেয়ারম্যান হয়েছেন আজাদুল হক। ভাইস চেয়ারম্যান হন মো. আলমগীর।
এছাড়া এম মাওলা দীলু কমিটির নির্বাহী সচিব, জাকারিয়া চৌধুরী যুগ্ম নির্বাহী সচিব, শাহ হালিম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। সদস্য হিসেবে নাহিদ চৌধুরী মামুন, এটিএম আলম, নূরল আমিন নুরু, জসীম উদ্দিন, আতিকুর রহমান, রেহান রেজা ও ড. এহসান চৌধুরী নির্বাচিত হন।
উল্লেখ্য, ৩০ বছর আগে ১৯৮৬ সালে ওয়াশিংটনে প্রথম উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ফোবানার জন্ম হয়। বর্তমানে ফোবানা গোটা বিশ্বে একটি অন্যতম শক্তিশালী সংগঠন।