দেশসেবায় সুযোগ নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সৈনিক পদে যোগদানে আগ্রহী বাংলাদেশী নারী ও পুরুষদের মধ্য থেকে এই নিয়োগ দেয়া হবে। নিয়োগে জেলা কোটা অনুসরণ করা হবে। সাধারণ ট্রেডে (জিডি) পুরুষ ও নারী এবং কারিগরি ট্রেডে আবেদন করতে পারবেন শুধু পুরুষরা। এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। আবেদন করা যাবে ৫ জানুয়ারি ২০১৭ পর্যন্ত। আগ্রহীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ট্রেডে (জিডি) নিয়োগ দেয়া হবে পুরুষ ও নারী প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। কারিগরি ট্রেডে নিয়োগ দেয়া হবে শুধু পুরুষ প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার ট্রেডে আবেদনের জন্য যে কোনো বিষয় থেকে এসএসসি পাস হলেই চলবে। এ ছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালনায় দক্ষতা থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য সর্বনিম্ন উচ্চতা হতে হবে কমপক্ষে ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন হতে হবে ১১০ পাউন্ড বা ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ১.৬০ মিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য সর্বনিম্ন উচ্চতা হতে হবে ১.৫৬ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। ওজন ১০৪ পাউন্ড বা ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত নারী আবেদন করতে পারবেন না। এছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
বয়স
১৫ নভেম্বর, ২০১৬ পর্যন্ত সাধারণ ট্রেডের প্রার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছর হতে হবে। কারিগরি ট্রেডে ১৫ নভেম্বর, ২০১৬ প্রার্থীদের বয়স ১৭ থেকে ২১ বছর এবং ড্রাইভার ট্রেডে ১৮ থেকে ২১ বছর হতে হবে।
যেভাবে আবেদন
এ ক্ষেত্রে টেলিটক প্রিপেইড সংযোগ থেকে ইংরেজিতে SAINIK লিখে স্পেস দিয়ে এসএসসির বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের সাল স্পেস জেলার কোড লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : SAINIK DHA 125215 2017 34। যাচাই শেষে যোগ্য প্রার্থীদের ফিরতি এসএমএসে একটি পিন পাঠানো হবে। দ্বিতীয় ধাপে SAINIK লিখে স্পেস দিয়ে YES স্পেস পিন নম্বর স্পেস মোবাইল নম্বর লিখে ১৬২২২-তে এসএমএস করতে হবে। যেমন : SAINIK YES 894089 018351*****। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK-এর পরিবর্তে FSAINIK লিখতে হবে। এরপর পরীক্ষা ফি বাবদ মোবাইল থেকে ২০০ টাকা কেটে রাখা হবে। তাই দ্বিতীয় এসএমএসের আগে মোবাইলে ২০০ টাকার বেশি ব্যালেন্স রাখতে হবে। ফিরতি এসএমএসেUSER ID ও Password জানিয়ে দেয়া হবে। যা ব্যবহার করে sainik.teletalk.com.bd evww w.joinbangladesharmy.mil.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। বিএনসিসি, সেনা সন্তান ও কারিগরি ট্রেডে ভর্তীচ্ছু পুরুষ প্রার্থীরা সাধারণ ট্রেডে ভর্তি হতে আগ্রহী হলে একই নিয়মে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ডেটলাইন
৫ ডিসেম্বর ২০১৬ থেকে আবেদন শুরু হয়ে গেছে। ৫ জানুয়ারি ২০১৭ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন বাছাই
আবেদনকারীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে প্রথম ১৯৬৬০০ জন পুরুষ এবং ২৬০০ জন নারী প্রার্থীর আবেদন প্রাথমিকভাবে গ্রহণ করা হবে। দেশের ৬৪ জেলার মধ্যে শুধু ২৭টি জেলার নারী প্রার্থীরা সাধারণ ট্রেডে আবেদনের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে সেই জেলাগুলোর কথা উল্লেখ করা হয়েছে।
বাছাই প্রক্রিয়া
২২ জানুয়ারি থেকে ৩০ জুন সাধারণ সৈনিক পদের বাছাই প্রক্রিয়া হবে বিভিন্ন সেনানিবাসে। প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা আগে পরীক্ষার স্থান ও তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সৈনিক পদে আবেদনকারীকে কয়েকটি ধাপে বাছাই করা হয়। প্রথমে নেয়া হয় স্বাস্থ্য পরীক্ষা। এতে উচ্চতা, ওজন, বুকের মাপ ঠিক আছে কি না তা দেখা হয়। যেখানে বডি ফিটনেস না থাকলে প্রাথমিক ধাপেই বাদ পড়বেন প্রার্থী।
লিখিত ও অন্যান্য পরীক্ষা
ইতিপূর্বে সৈনিক পরীক্ষায় অংশ নেয়া কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায় ভালো করতে মাধ্যমিকের পাঠ্য বইয়ের ওপর ভালো দক্ষতা অর্জন করতে হবে। সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক বিষয়াবলি ও সেনাবাহিনী সম্পর্কে জ্ঞান রাখতে হবে। বাছাইয়ের সময় সাঁতারের জন্য প্রয়োজনীয় পোশাক সঙ্গে রাখতে হবে। লিখিত পরীক্ষার হলে প্রবেশপত্র, কলম, পেনসিল, স্কেল ও ক্লিপ বোর্ড সঙ্গে নিতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় মানসিক দক্ষতা, মূল্যবোধ, সহনশীলতা যাচাইয়ের জন্য প্রশ্ন করা হয়।
যা লাগবে
প্রার্থী বাছাইয়ের সময় আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি, মূল প্রশংসাপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৬ কপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি, চেয়ারম্যান সত্যায়িত অভিভাবকের সম্মতি সনদ, চেয়ারম্যানের দেয়া নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি সঙ্গে রাখতে হবে। কারিগরি পদে আবেদনকারীদের সঙ্গে অতিরিক্ত হিসেবে রাখতে হবে কারিগরি দক্ষতার মূল সনদপত্র।
প্রশিক্ষণ
নির্বাচিত প্রার্থীদের ছয় মাস থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ দেয়া হবে।
