গত বছর অর্থাৎ ২০১৫ সালে সারাবিশ্বে মোট ৮০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হয়েছে। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ৮৯ বিলিয়ন ডলার। গত বছর সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এ বছরটিতে যুক্তরাষ্ট্র ৪০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে।
মার্কিন কংগ্রেসের এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।
অস্ত্র বিক্রেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পরই ছিল ফ্রান্স, রাশিয়া এবং চীন। আর ক্রেতাদের মধ্যে শীর্ষে ছিল কাতার, মিশর, সৌদি আরব, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। তাছাড়া অস্ত্র সরবরাহকারী দেশের অন্যতম ছিল সুইডেন, ইটালি, জার্মানি, তুরষ্ক, যুক্তরাজ্য এবং ইসরায়েল।
ফ্রান্স গত বছর ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। এর আগের বছরের চেয়ে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ ৯ বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের ৪ বিলিয়ন ডলার বেড়েছে। রাশিয়ার অস্ত্র বিক্রির পরিমাণ কমেছে। ২০১৪ সালে দেশটি ১১ দশমিক ২ বিলিয়ন এবং গত বছর ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। একই সময়ে চীন ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে; যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।