জেএফকে বিমানবন্দরের বাইরে জনস্রোত

jfk২৮ জানুয়ারি, শনিবার রাত। ঘড়ির কাঁটায় তখন নিউইয়র্কে সময় ১০টা। বাইরে হাড় কাঁপানো শীত। তাপমাত্রা হিমাঙ্ক ছুঁই ছুঁই করছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ। হাজার হাজার নারী-পুরুষ ক্ষোভ ঝাড়ছেন ট্রাম্প ঘোষিত মুসলিম ও ইমিগ্রান্ট-বিরোধী নির্বাহী আদেশের বিরুদ্ধে। বোয়িং বিমানের ওঠা-নামার বিকট শব্দ ম্লান হয়ে গেছে ঢোলের তালে তালে উচ্চকিত ট্রাম্পবিরোধী স্লোগানে। চার নম্বর টার্মিনালের বহিরাঙ্গনের পুরোটাই বিক্ষোভকারীদের দখলে।

‘নো হেইট, নো ফিয়ার, রিফিউজিস আর ওয়েলকাম হিয়ার’, ‘নো ব্যান নো রেজিস্ট্রেশন’, ‘উই অল আর ইমিগ্রান্টস’ বাক্যগুলো ধ্বনিত হচ্ছে স্লোগানে। জেএফকে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইরাক ও অন্যান্য মুসলিম দেশ থেকে আগত কয়েকজন অভিবাসীকে আটকে দেওয়ার পর দুপুরেই সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের বিপুলসংখ্যক মানুষ। সন্ধ্যার দিকে জনস্রোত সামলাতে হিমশিম খায় পুলিশ। প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে সমবেত ব্যক্তিদের একজন ষাটোর্ধ্ব শ্বেতাঙ্গ ‘ট্রাম্পকে বহিষ্কার কর’ লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন। তাঁর দাবি, ইমিগ্রান্ট ও মুসলিমবিরোধী ট্রাম্পকে শুধু ক্ষমতাহীন করা নয়, তাঁকে আমেরিকা থেকে বহিষ্কার করতে হবে। ট্রাম্পকে কেন বিতাড়িত করতে হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘অভিবাসীর দেশ আমেরিকা। আমরা সবাই অভিবাসী। ট্রাম্পের দাদা-মা এ দেশে এসেছেন অভিবাসী হিসেবে। তাঁর স্ত্রী মেলানিয়া মাত্র দুই বছর আগে আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। তাঁর মুখে অভিবাসীবিরোধী কথা মানায় না।’ ট্রাম্পের ঘোষিত নীতিকে আমেরিকার সংবিধান ও মূল্যবোধবিরোধী বলে অভিহিত করে তিনি ট্রাম্পকে আমেরিকা থেকে বহিষ্কারের দাবি জানান। শ্বেতাঙ্গ বিক্ষোভকারীর বহনকৃত প্ল্যাকার্ডটি অনেকেরই দৃষ্টি কাড়ে।

শনিবার মধ্যরাতে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রতিবাদী এক অভিবাসী প্ল্যাকার্ড হাতে। ছবি: সংগৃহীতডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর সপ্তাহ না পেরোতেই অভিবাসনবিরোধী বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন। বিশেষ করে সাতটি মুসলিম দেশের নাগরিকসহ সিরিয়ার শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এসবের মধ্য দিয়ে কার্যত যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম অভিবাসীদের বিতাড়ন করাসহ তাঁদের অভিবাসন-প্রক্রিয়া সংকুচিত করার পদক্ষেপ গ্রহণ করছেন ট্রাম্প। ট্রাম্পের অভিবাসনবিরোধী নির্বাহী আদেশ জারির ২৪ ঘণ্টা অতিবাহিত না হতেই দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম দেশগুলো থেকে আগত অভিবাসীদের আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কাউকে আবার ফিরতি ফ্লাইটেই জোরপূর্বক নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। যাঁদের অনেকে গ্রিন কার্ডধারী বা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এ অভিযানে ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে আটক করা হয় ১৯৮ জনকে। তা ছাড়া যুক্তরাষ্ট্রে আগমনের পথে বিভিন্ন দেশের বিমানবন্দরে রুখে দেওয়া হয় ১৭৫ জন অভিবাসীকে।

২৮ জানুয়ারি সকালে জেএফকে বিমানবন্দরে ইরাক থেকে আগত দুজনসহ বেশ কজনকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছে এমন সংবাদ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে সর্বত্র। সামাজিক যোগাযোগের মাধ্যম এবং গণমাধ্যমে সংবাদটি প্রচারিত হলে ইমিগ্রান্ট ও মানবাধিকারকর্মীসহ সাধারণ মানুষ স্রোতের মতো ছুটে যান বিমানবন্দরে। দেশের অন্যান্য বিমানবন্দরেও আটকের ঘটনার খবর ছড়িয়ে পড়ে। এতে বড় বিমানবন্দরগুলোতে জেএফকের মতো জনসমাবেশ ঘটতে থাকে। চলতে থাকে বিরামহীন বিক্ষোভ। সন্ধ্যায় ঘরে বসে সিএনএনের পর্দায় বিক্ষোভের দৃশ্য দেখে নিজেকে অপরাধী মনে করছিলাম শামিল হতে না পেরে। তখন রাত সাড়ে আটটা। সোশ্যাল অ্যাকটিভিস্ট হাসানুজ্জামান হাসান, খন্দকার ফরহাদসহ বেশ কজনের সঙ্গে বিষয়টি শেয়ার করছিলাম। একপর্যায়ে সিদ্ধান্ত নিলাম, জেএফকের বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার। নয়টা নাগাদ পৌঁছে গেলাম এয়ারপোর্টের চার নম্বর টার্মিনালে। বিক্ষোভে শামিল ছিলাম রাত ১১টা পর্যন্ত। হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন রাস্তার দুই পাশে। মাঝখানে সারিবদ্ধ পুলিশ। অভাবনীয় স্বতঃস্ফূর্ততা বিক্ষোভকারীদের মাঝে। বিক্ষোভকারীদের ৮০ শতাংশই শ্বেতাঙ্গ আমেরিকান। নিষিদ্ধকৃত মুসলিম দেশ বা আটক অভিবাসীদের সঙ্গে তাঁদের ধর্মীয় বা জাতিগত কোনো সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাস, ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে তাঁরা ট্রাম্পের মনোবৃত্তির কাছে বিসর্জন দিতে নারাজ। ঘৃণা-বিদ্বেষ, বর্ণ ও ধর্মীয় বৈষম্যের বিষবাষ্প বিস্তারের হোতা ট্রাম্পকে ‘না’ বলতেই এককাট্টা হয়েছেন সচেতন আমেরিকানরা। বিভেদের দেয়াল নয়, তাঁরা প্রতিবেশী দেশ মেক্সিকোর সঙ্গে সুসম্পর্কের সেতুবন্ধ চান। মুসলিম বিশ্বসহ সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চান শান্তিপ্রিয় আমেরিকানরা। যেসব মুসলিম দেশে ট্রাম্পের হোটেল বা ব্যবসা রয়েছে, সেসব দেশের প্রতি বিধিনিষেধ আরোপ না করা থেকেই ট্রাম্পের অভিসন্ধি স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয়তাবাদের হঠকারী আওয়াজ তুলে ট্রাম্প আমেরিকান একক জাতিসত্তার প্রতি আঘাত হেনেছেন। জাতিকে ঠেলে দিচ্ছেন বিভক্তির অন্ধকার গলিতে।

দেশ-বিদেশে সর্বত্র সমালোচনায় মুখর হয়ে উঠেছে বিবেকবান মানুষ। নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল কোর্ট ট্রাম্পের ইমিগ্রান্ট-বিরোধী নির্বাহী আদেশের বিরুদ্ধে সাময়িক রুল জারি করায় ২৮ জানুয়ারি রাতেই আটক বেশ কয়েকজন ইমিগ্রান্টকে ছেড়ে দিতে বাধ্য হয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকনের মতো প্রেসিডেন্ট এবং মার্টিন লুথার কিংয়ের মতো বর্ণবৈষম্যবিরোধী নেতার নীতি ও আদর্শে যে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র হয়েছে, সৌন্দর্যমণ্ডিত হয়েছে, যে দেশে স্ট্যাচু অব লিবার্টি এখনো অভিবাসনের আহ্বান জানাচ্ছে নীরবে-নিভৃতে সে দেশে ইতিমধ্যে মানবতার শত্রু হিসেবে চিহ্নিত ইতিহাসের সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিতাড়িত করার দাবির যৌক্তিক কোনো ভিত্তি নেই তা বলা যাবে না। তাই অন্যদের ডিপোর্ট করার আগে সেলফ ডেপোর্টেশনের বিষয়টিও ভাবতে হবে ডোনাল্ড সম্পর্কে।

লেখক: ওয়াজেদ এ খান, সম্পাদক, সাপ্তাহিক বাংলাদেশ ও সভাপতি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.