যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে প্লেন যাত্রায় যাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ আর আইপ্যাড ব্যবহার করতে দিচ্ছে মধ্যপ্রাচ্যের দুই এয়ারলাইন- কাতার এয়ারওয়েজ আর ইতিহাদ এয়ারওয়েজ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লাইটে ইলেকট্রনিক পণ্য বহনে এক নিষেধাজ্ঞা আরোপের পর এমন সিদ্ধান্ত নেওয়া হল।
চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন মুসলিম প্রধান দেশগুলোর ১০টি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লাইটে যাত্রীদের ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি করে। কাতারের দোহা আর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি’র বিমানবন্দরও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।
এই নিষেধাজ্ঞার বিপরীতে এই এয়ারলাইনগুলো নতুন এই সেবা চালু করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, চলতি বছর ২ এপ্রিল থেকে আবুধাবী থেকে যুক্তরাষ্ট্রের ফ্লাইটে প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রীরা বিনামূল্যে ওয়াইফাই ও আইপ্যাড ব্যবহার করতে পারবেন। এই ফ্লাইটে প্রিমিয়াম শ্রেণির যাত্রীরাও বিনামূল্যের ওয়াইফাই সুবিধা পাবেন।
বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজ এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের ফ্লাইটে ল্যাপটর ধার দেওয়ার পরিকল্পনা ঘোষণা দেয়। সামনের সপ্তাহ থেকে ব্যবসায় শ্রেণির যাত্রীদের এই ল্যাপটপ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যে ফটক থেকে মার্কিন আইনের আওতায় যাত্রীদের ইলেকট্রনিক পণ্যগুলো নিষিদ্ধ করা হবে সেগুলো সংগ্রহ করে নিরাপদে প্যাক করা হবে।
কাতার এয়ারওয়েজ-এর প্রধান নির্বাহী আকবর আল বাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “এই ল্যাপটপ দেওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব যে আমাদের যাত্রীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ফ্লাইটেও তাদের কাজ অব্যাহত রাখতে পারবে।”
যুক্তরাজ্যও যুক্তরাষ্ট্রের মতো একই রকম নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় সংযুক্ত আরব আমিরাত আর কাতার নেই।