১২৭ কোটি টাকার প্লেনে উড়বেন মেসি।
ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত বিমান রয়েছে অনেক আগে থেকেই। ক্লাব ফুটবলে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিমান থাকবে না, তা কী করে হয়? বার্সেলোনার কিংবদন্তি স্ট্রাইকারও এখন থেকে চড়বেন বিলাসবহুল এক বিমানে, যার মূল্য ১২ মিলিয়ন পাউন্ড বা প্রায় ১২৭ কোটি ৪১ লাখ টাকা।
মাঠে মেসি মানেই উড়ন্ত এক উইঙ্গার। মেসি মানে বার্সার আস্থা, বার্সার নির্ভরতা। মাঠের মতো এবার আকাশেও নতুন আনন্দে উড়বেন মেসি। আরামদায়ক ভ্রমণের জন্যই তাকে প্রাসাদপ্রতিম একটি বিমান সরবরাহ করেছে আর্জেন্টিনার এক কোম্পানি। এতেই এখন থেকে পরিবার নিয়ে বিশ্বব্যাপী ভ্রমণ করবেন ৩১ বছর বয়সী এ ফুটবলার। কোম্পানিটি মূলত ভবিষ্যতে ভালো ব্যবসা করার উদ্দেশ্যেই মেসির জন্য সব আরামদায়ক এ বিমান তৈরি করে দিয়েছে। তাদের আশা, ভবিষ্যৎ ধনী ব্যক্তিরা এ বিমান ইজারা নিতে আগ্রহ দেখাবেন।
ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি এ সময়ের অন্যতম ধনী খেলোয়াড়ও। পরিবার নিয়ে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য বিমান কেনার সামর্থ্য রয়েছে তার। তিনি এজন্য উপযুক্তও। তবে এখন নিজ অর্থে কেনার বদলে বিমানটি ইজারা নিলেন। আর্জেন্টাইন কোম্পানিটির তৈরি এ বিমানে রয়েছে রান্নাঘর, দুটি বাথরুম, ১৬টি সিট। মজার ব্যাপার, ১৬টি সিট ঘুমানোর জন্য বিছানা হিসেবে ব্যবহার করা যাবে, এগুলো ভাঁজ করে রাখা।
বিমানের লেজের ওপর বড় অক্ষরে জ্বলজ্বল করছে ‘১০’ লেখাটি, যা আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় মেসির জার্সির নম্বর। তাই আপনি বিমানটি দেখলেই বুঝবেন, নামছে মেসির বিমান।
বিমানে ওঠা-নামার সিঁড়ির ধাপে লেখা রয়েছে লিওনেল মেসি, তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জে ও তাদের তিন সন্তান থিয়াগো, সাইরো ও ম্যাতেওর নাম। গোল ডটকম, দ্য সান
