যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নেই বিএনপির মুখোশ খুলে গেছেঃ মেনন।
মহাজোট মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে গত দুই দিনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে দুই সুর প্রকাশ পেয়েছে। ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা বলা হলেও দলীয় ইশতেহারে বিএনপি এ ব্যাপারে চুপ। যেখানে ২৫ জন জামায়াতের প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, সেখানে এটাই স্বাভাবিক। তাদের দুই ইশতেহারের এই বৈপরীত্যই ঐক্যফ্রন্টের আসল মুখোশ খুলে দিয়েছে। আর এবারের নির্বাচনে দেশের মানুষ তাদের এই প্রতারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে।
গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন। সরকারি চাকরিতে প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, ইশতেহারে সরকারি চাকরিতে কোনো বয়স সীমাই থাকবে না উল্লেখ করে পক্ষান্তরে তারা তরুণ সমাজকেই বঞ্চিত করেছে। কিন্তু দেশের যুবসমাজ তাদের এই প্রতারণার কৌশল বুঝতে পেরেছে। নির্বাচনে এর প্রভাব তারা ঠিকই বুঝতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন প্রো-ভিসি অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার, স্বাচিপের কোষাধ্যক্ষ ও ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক কামরুল হাসান জাকি, বঙ্গবন্ধু মেডিক্যাল নার্সেস সুপারিনটেনডেন্ট সান্ত্বনা রানী হালদার, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আব্দুল হামিদ প্রমুখ।