উড়ল বিশ্বের প্রথম প্লাস্টিক মুক্ত বিমান।
প্লাস্টিক মুক্ত বিমানের দাবিতে অনেকবার সরব হয়েছেন পরিবেশ কর্মীরা। চলেছে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচার। এবার সেই প্রচারকেই গুরুত্ব দিল পর্তুগীজ বিমান সংস্থা হাই ফ্লাই। বিশ্বের প্রথম দূষণ মুক্ত বিমান ওড়াল তারা। যেখানে নেই প্লাস্টিকের কোনও চিহ্ন। বুধবার লিসবন থেকে উড়ল পরিবেশ বান্ধব এই বিমান।
বিমানে ব্যবহৃত খাবারের প্লেট, গ্লাস, কাপ সবটাই প্লাস্টিকের বদলে কাঠ বা ধাতব জিনিস দিয়ে তৈরি। খাবারের প্যাকেটও প্লাস্টিক মুক্ত। কাগজের প্যাকেটে ঢাকা খাবার। খুব যত্ন করে বিমানের সিট, লাগেজ রাখার ড্রয়ারকে প্লাস্টিক মুক্ত করেছে হাই ফ্লাই। এমনকী বিমানের সিট গুলিতে এতদিন প্লাস্টিকে মোড়া যে ম্যাগাজিন থাকত, সে কভারও বদলে কাগজের করা হয়েছে। লিসবনের নাতাল থেকে ব্রাজিল পর্যন্ত ছিল সফর। হাই ফ্লাইয়ের দাবি কয়েক ঘণ্টার এই বিমান সফর প্লাস্টিক মুক্ত করতে সফল তারা।
পরিবেশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্লাস্টিক যখন বেশিরভাগ দেশে নিষিদ্ধ, তখন সবার আগে বিমানকে প্লাস্টিক মুক্ত করা প্রয়োজন। কারণ, যাত্রী পরিষেবায় ব্যবহৃত হয় প্রচুর প্লাস্টিক। যা পরিবেশের পক্ষে বিপজ্জনক। ২০১৯ সালের মধ্যে বেশিরভাগ বিমান প্লাস্টিক মুক্ত হতে চলেছে। এর মধ্যে প্রথমেই রয়েছে এয়ার নিউজিল্যান্ড, আলাস্কা এয়ারলাইন।