কর্মীদের ডিসেম্বরের বেতনই দিতে পারল না জেট এয়ারওয়েজ

কর্মীদের ডিসেম্বরের বেতনই দিতে পারল না জেট এয়ারওয়েজ।

বেতন দিতে পারল না জেট এয়ারওয়েজ। পাইলট, ইঞ্জিনিয়ার এবং সংস্থার শীর্ষ আধিকারিকদের বেতন আগেই দিতে পারেনি এই সংস্থা। এবার অন্যান্য বিভাগে কর্মীদেরও ডিসেম্বর মাসের বেতন দিতে পারল না জেট এয়ারওয়েজ। মূলত লোকসানের কারণেই কর্মীদের বেতন দিতে পারছে না এই সংস্থাটি। এমনটাই বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে।

ক্রমশ লোকসানের বোঝা বাড়ছে সংস্থার। আর ক্রমাগত লোকসানের বোঝা বাড়ার কারণে গত অগস্ট মাস থেকেই নরেশ গোয়েল পরিচালিত সংস্থাটির কর্মীদের মাসিক বেতন অনিয়মিত হয়ে পড়েছে। জেটের ১৬,০০০ কর্মীদের প্রায় ১৫ শতাংশ এর শিকার হয়েছেন। ডিসেম্বর মাসের বেতন বাকি পড়ার বিষয়টি নিয়ে সরাসরি জবাব দেননি জেট এয়ারওয়েজের মুখপাত্র।
এই প্রসঙ্গে তিনি শুধু জানিয়েছেন, ‘একমাত্র আগে থেকে জানিয়ে দেওয়া কর্মীদের একাংশ বাদে কারও বেতন বকেয়া নেই।’ তবে কাদের আগে থেকে জানানো হয়েছে, তা নিয়ে কোনও তথ্য দেননি তিনি। উল্লেখ্য, বেতন না দেওয়ায় এর আগে বিমান নিয়ে উড়তে রাজি হননি জেটের একাধিক পাইলট। যার জেরে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। পরে বেতন না পাওয়া পাইলটদের নোটিস ছাড়া চাকরি ছাড়ার বিষয়টিও মেনে নিয়েছিল সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.