জার্মানিতে নিষিদ্ধ হচ্ছে ইরানের মাহান এয়ার

জার্মানিতে নিষিদ্ধ হচ্ছে ইরানের মাহান এয়ার।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে নিজেদের আকাশসীমায় ইরানের উড়োজাহাজ সংস্থা মাহান এয়ারকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে জার্মানি। দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সাহায্য করতে অস্ত্র সরবরাহ ও উপদেষ্টাদের বহন করে থাকে এ উড়োজাহাজ সংস্থাটি। খবর রয়টার্স ও এএফপি।
জার্মান সরকারের এক সূত্র সোমবার রয়টার্সকে জানায়, তাদের সন্দেহ ইরানের রেভল্যুশনারি গার্ড এ উড়োজাহাজ সংস্থাটিকে সামরিক কাজে ব্যবহার করে। আর এ কারণে উড়োজাহাজ সংস্থাটির বিমানগুলোকে জার্মানিতে অবতরণের লাইসেন্স প্রত্যাহার করে নেয়া হবে। অন্যদিকে মিউনিখভিত্তিক একটি দৈনিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতি সপ্তাহেই ফেডারেল এভিয়েশন অফিস ইরানের এয়ারলাইন মাহানের পরিচালনা লাইসেন্স স্থগিত করবে।’ দেশটির বিভিন্ন সম্প্রচার মাধ্যমেও এ খবর প্রকাশ করা হয়।
গত সেপ্টেম্বরে বার্লিনে নিযুক্ত মার্কিন কূটনীতিক রিচার্ড গ্রেনেল জার্মানিতে ওই উড়োজাহাজ সংস্থার কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে আপত্তি প্রকাশ করেন। টুইটারে তিনি বলেন, ‘মাহান এয়ার নিয়মিতভাবে যোদ্ধা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সিরিয়ায় আসাদ প্রশাসনকে সরবরাহ করছে। মাহান এয়ারকে কেন মিউনিখ এবং ডুসেলডর্ফে উড্ডয়নের অনুমতি দেয়া হচ্ছে?’
গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এর পর থেকেই ইরানের ওপর আরোপিত পুনঃনিষেধাজ্ঞা বাস্তবায়নে ইউরোপের দেশগুলোকে চাপ দিয়ে আসছেন তিনি। ইরানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীন। দেশগুলো চুক্তিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.