”মালয়েশিয়া প্রবাসীদের সেবাদানে খোলা হচ্ছে স্থায়ী কন্স্যুলেট অফিস”

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম বলেছেন, মালয়েশিয়ার দূর প্রদেশ জহুর বারুতে কর্মরত প্রবাসীদের সেবাদানে অচিরেই স্থায়ী কন্স্যুলেট অফিস খোলা হচ্ছে।

২ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় সময় সকাল ১০ টায় মালয়েশিয়ার সীমান্তবর্তী প্রদেশ জহুর বারুতে দূতাবাসের মোবাইল ক্যাম্পিং পরিদর্শনে সেবা প্রত্যাশিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম মোবাইল ক্যাম্পিং-এ সেবা নিতে আসা প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, মালয়েশিয়ার দূরবর্তী এ প্রদেশে প্রতিমাসের ছুটির দিন শনি ও রবিবার পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম বিগত দুই বছর ধরে হাইকমিশনের কর্মকর্তারা আপনাদের সেবা দিয়ে আসছেন।

আপনাদের সেবা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কেবল জহুর বারুতে নয় মালয়েশিয়ার অন্যান্য দূরবর্তী পেনাং, ক্যামেরুন হাইল্যান্ড, ক্লাং, মালাক্কাতেও সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে আপনাদের কষ্ট ও দুর্ভোগ লাঘব হয়েছে এবং আর্থিক সাশ্রয় হয়েছে।

জহুর বারু অগ্রণী রেমিটেন্স হাউজে মতবিনিময়কালে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষনিক সমস্যার সমাধান করেন তিনি। এসময় প্রবাসীদের উদ্দেশ্যে হাইকমিশনার আরোও বলেন, কেবল মাত্র প্রবাসীদের সার্ভিস প্রদানের জন্য জহুর বারুতে কন্স্যুলেট অফিস খুব শিঘ্রই হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক ও দৃঢ় ভূমিকার ফলশ্রুতিতেই কন্স্যুলেট অফিস খোলার বিষয়টি দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে।

হাইকমিশনার বলেন, যে কোনো সেবা নিতে হলে সরাসরি চলে আসেন। কোনো মধ্যস্থতাকারী বা দালালের কাছে না যাওয়ার পরামর্শ দেন। এ ছাড়া মালয়েশিয়ায় যারা কর্মরত রয়েছে তারা সম্মানের জায়গা করে নিয়েছে। সে সম্মানের জায়গাটুকু ধরে রাখতে হলে যে দেশে কর্মরত রয়েছেন সে দেশের আইনকে সম্মান দেখাতে হবে এবং সকল ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় ও সেবা প্রত্যাশীদের সেবাদান কালে এ সময় উপস্থিত ছিলেন, দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার প্রধান (প্রথম সচিব) মো. মশিউর রহমান তালুকদার, মালয়েশিয়াস্থ অগ্রণী রেমিটেন্স হাউজের সিইও লুৎফুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন, দূতাবাসের পাসপোর্ট শাখার কর্মকর্তা সুশান্ত সরকার, মো. আরিফ, উম্মে হানি ও জহুর বারু অগ্রণী রেমিটেন্স হাউজের ম্যানেজার মো. মোর্শেদ প্রমুখ।

এদিকে ২ ফেব্রুয়ারি শনিবার জহুর বারু মোবাইল ক্যাম্পিং এ প্রায় ৩ হাজারেরও অধিক প্রবাসী দূতাবাসের সেবা নিচ্ছেন। আগামীকাল রবিবার সারাদিন পাসপোর্ট দেয়া হবে জানালেন পাসপোর্ট ও ভিসা শাখার প্রধান মো. মশিউর রহমান তালুকদার। আমরা শনি ও রোববার জহুরবারুতে পাসপোর্ট বিতরণ করছি।’ মশিউর রহমান আরো বলেন, দূতাবাস থেকে গত এক বছরে ১ লাখ ৯০ হাজার ৫৩২ টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.