গ্রাহকের হিসাব থেকে বেপরোয়া অর্থ কাটার অভিযোগ

indexanlবাংলাদেশ ব্যাংকের সার্ভিস চার্জের তালিকা টাঙানোর নির্দেশনা মানছে না কেউ
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাতে গ্রাহকদের হিসাব থেকে বেপরোয়াভাবে অর্থ কর্তন করছে ব্যাংকগুলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যাংকগুলো তাদের ইচ্ছামতো গ্রাহকদের হিসাব থেকে অর্থ কেটে রাখবে, এটা ঠিক নয়। কেন্দ্রীয় ব্যাংককে এ ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখা উচিত।

অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকের হিসাব খোলা, বন্ধ করা, পরিচালনা, অনলাইন চার্জ, এসএমএস ব্যাংকিং চার্জ, কার্ড ফি, এটিএম চার্জ, চেকবই ফি, হিসাব বিবরণী পাঠানোর খরচ এবং ঋণ সমন্বয় ফিসহ নানা রকম চার্জ পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। গ্রাহকরা নির্ধারিত মেয়াদ পূর্তির আগে মাসিক সঞ্চয়ের হিসাব বন্ধ করতে গেলেও তার প্রাপ্যটুকু পাচ্ছে না। এদিকে, ঋণের নিয়মিত কিস্তি পরিশোধের সময়সীমা এক দিন পার হলেই গ্রাহকদের ঘাড়ে বাড়তি চার্জ যুক্ত হচ্ছে। এসব বাড়তি অর্থ পরিশোধ করতে গিয়ে গ্রাহকদের বিপাকে পড়তে হচ্ছে, ব্যবসায়ীদের ব্যয় বেড়ে যাচ্ছে।

এ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ  জানান, গ্রাহকদের কাছ থেকে ব্যাংকগুলো যেন অতিরিক্ত চার্জ না কাটে, সেজন্য একটি নীতিমালা করা হয়েছে। কিন্তু বাস্তবায়ন নেই। ব্যাংকগুলোতে চার্জ কর্তনের তালিকা টাঙানোর কথা থাকলেও অধিকাংশ ব্যাংকেই তা নেই। এজন্য ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। এটা ঠিক নয়। কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে তদারকি করলে এটা রোধ করা সম্ভব।

অনুসন্ধানে আরো দেখা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলোতে সার্ভিস চার্জ কর্তনের তালিকা টাঙিয়ে রাখার কথা থাকলেও তা কেউ মানছে না। খামখেয়ালিভাবে বিভিন্ন সেবার নামে চার্জ কাটছে। ব্যাংক থেকে ঋণ গ্রহণে কাগজপত্র প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত কমিশন নিয়ে থাকে। রপ্তানি ঋণের সুদের হার ৭ শতাংশ। এর সঙ্গে ব্যাংকগুলো ১ শতাংশ সার্ভিস চার্জ নিচ্ছে। এক কোটি টাকা ঋণের জন্য সার্ভিস চার্জ দিতে হবে এক লাখ টাকা। ঋণের সুপারিভশন ফি নামেও এক ধরনের নতুন ফি চালু করেছে কিছু ব্যাংক। ঋণ তদারকি করার জন্য কয়েকটি বেসরকারি সংস্থা নিয়োগ করে ঋণগ্রহীতার কাছ থেকে ০.৫ থেকে ১ শতাংশ পর্যন্ত ফি কেটে নিচ্ছে ব্যাংকগুলো। এলসি খোলায় দশমিক ২০ থেকে দশমিক ৪০ শতাংশ হারে কমিশন দিতে হয়। এলসি খোলার ক্ষেত্রে টাকার অঙ্কভেদে ফি এবং কমিশনের হার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এলসি অ্যাডভাইস ফি নেয়া হয় আড়াই থেকে ৪ হাজার টাকা। এলসি প্রসেসিং ফি ৩০০ থেকে দেড় হাজার টাকা। ক্রসপন্ডিং ফি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। সুইফ ফি ৩ হাজার থেকে ৮ হাজার টাকা। এলসি খোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ হয় কমিশন খাতে। নগদ টাকায় এলসি খুললে প্রতি তিন মাসের জন্য কমিশন দিতে হয় দশমিক ১৫ থেকে দশমিক ৪০ শতাংশ হারে। ৩০ শতাংশের কম টাকায় এলসি খুললে কমিশন দিতে হয় ১ শতাংশ হারে। এছাড়া রয়েছে ঋণের ওপর আরোপিত সুদ। এসব ক্ষেত্রে সুদের হার ১৪ থেকে ১৮ শতাংশ, যা বেড়ে ১৮ থেকে ২৩ শতাংশে গিয়ে দাঁড়ায়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যবসা-বাণিজ্যের মন্দার কারণে এমনিতেই ব্যাংকগুলোর দুরবস্থা। ব্যবসায়ীরা নিয়মিত ব্যাংকঋণ পরিশোধ করতে পারছে না। এর ফলে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। খেলাপি ঋণের বিপরীতে বাড়তি প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে ব্যাংকের নিট আয় কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সার্ভিস চার্জের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করলে ব্যাংকগুলোর সংকট আরো বেড়ে যাবে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান  জানান, কেন্দ্রীয় ব্যাংকের নিয়মের বাইরে গিয়ে কোনো ব্যাংক অতিরিক্ত চার্জ কাটতে পারবে না। পরিদর্শনে বিষয়টি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ব্যাংকগুলোতে চার্জ কর্তনের তালিকা না টাঙানো প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ ব্যাংকেই তালিকা টাঙানো আছে। যেসব ব্যাংকে নেই, তারাও যেন টাঙায়, সেজন্য পদক্ষেপ নেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.