বিমান ছিনতাইচেষ্টাঃ অবহেলা ছিল নিরাপত্তায়

বিমান ছিনতাইচেষ্টাঃ অবহেলা ছিল নিরাপত্তায়।

বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খি উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনার তদন্ত এখনো চলছে। এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার বিষয়টি উঠে আসে। প্রাথমিক তদন্তে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীদের অবহেলার অভিযোগ আনা হয়েছে। এর প্রমাণও মিলেছে। নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ৫ কর্মীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

ময়ূরপঙ্খি ছিনতাইচেষ্টার ঘটনার কারণ অবশ্য এখনো জানা যায়নি। কমান্ডো অভিযানে নিহত যুবক পলাশ আহমেদের লক্ষ্য কী ছিল, এ ব্যাপারে এখনো অন্ধকারে রয়েছে তদন্তসংশ্লিষ্টরা। উড়োজাহাজ ছিনতাই পরিকল্পনা কি পলাশ নিজেই করেছিলেন, নাকি পেছনে অন্য কেউ অনুঘটক হিসেবে কাজ করেছে, এ বিষয়ে স্পষ্ট হতে পারেনি পুলিশের তদন্তসংশ্লিষ্টরা। এসব রহস্য বের করতে পলাশের সেলফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) যাচাই করে দেখা হচ্ছে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খি উড়োজাহাজ ছিনতাইচেষ্টা ঘটনার পর থেকেই বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক নিরাপত্তা ধাপ পেরিয়ে খেলনা হোক আর আসল পিস্তল হোকÑ তা নিয়ে কী করে পলাশ উড়োজাহাজে উঠল! এ ব্যাপারে অবশ্য শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের অবহেলার অভিযোগ আনা হয়েছে।

সিভিল এভিয়েশনের অভ্যন্তরীণ অনুসন্ধানেও এ বিষয়ে প্রাথমিক প্রমাণ মিলেছে। এর পরই দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত এবং একজনকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএবি)। বরখাস্তকৃতরা হলেন-গত ২৪ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. ইউনুস হাওলাদার, হেভি লাগেজ গেটে (উত্তর) স্ক্যানিংয়ের নিরাপত্তা সুপারভাইজার মো. লেহাজ উদ্দিন ভূঁইয়া, শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের ব্যাটালিয়ন আনসার কেবিন ব্যাগেজ স্ক্যানিং গেটের অপারেটর আলীম হোসেন, বডি সার্চার অঙ্গীভূত আনসার সদস্য মাহফুজুর রহমান ও হেভি লাগেজ গেট উত্তরের বডি সার্চার আনসার সাদ্দাম হোসেন।

এ ছাড়াও ঘটনার সময় কর্তব্যরত এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের (এফসেক) সদস্য পোস্ট সুপারভাইজার সার্জেন্ট সাযেদুল ইসলামকেও তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয় বাংলাদেশ বিমানবাহিনীতে। এ ব্যাপারে ঘটনার ৫ দিন পর গত শনিবার নিরাপত্তাকর্মী বরখাস্ত ও প্রত্যাহারের বিষয়টি সিএবি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছেন।

সূত্র বলেছে, যাত্রী পলাশ আহমেদ কর্তৃক ময়ূরপঙ্খি উড়োজাহাজে ছিনতাইচেষ্টার ঘটনায় বরখাস্তকৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণসহ তদন্তের স্বার্থে তাদের আপাতত বিমানবন্দরে সংযুক্ত রাখার জন্য আনসার ও ভিডিপির মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়াও শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্বরত ২৪ কর্মকর্তা-কর্মচারীর পূর্ণাঙ্গ প্রোফাইল সংগ্রহ করা হয়েছে। সেদিন ঘটনার আগের ৫ ঘণ্টা ও ঘটনার পরের ৬ ঘণ্টা তাদের গতিবিধি কী ছিল, তা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

৫ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত ও একজনকে প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক গত রাতে বলেন, নিরাপত্তায় তারা আরও সজাগ থাকতে পারতেন। তারা আরও সচেতন থাকতে পারতেন। কিন্তু এ ক্ষেত্রে কিছুটা তো সমস্যা ছিল। তিনি আরও বলেন, বিমান ছিনতাইচেষ্টার ঘটনার পর মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছি। আমরা বলেছি, সেন্টপারসেন্ট যাত্রীদের বডি তল্লাশি করতে। যাত্রীদের জুতা, মোজা, ঘড়ি ও বেল্ট খুলেও তল্লাশি করতে বলেছি। এখন এগুলোর ব্যাপারে কোনো কনসিডার করা হবে না। সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে চাই বলে উল্লেখ করেন মহিবুল হক।

একাধিক সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম-দুবাইগামী ময়ূরপঙ্খি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার পর পরই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মাঠে নামে। তবে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ কেন বিমান ছিনতাই করতে চেয়েছিল, এখনো কারণ জানা যায়নি। বিমান মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এ পর্যন্ত যাদের জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের কাছ থেকেও এ ব্যাপারে কোনো তথ্য মেলেনি। ঘটনার রহস্য বের করতে বিমান মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। ঘটনা তদন্তে বিমান মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আলাদাভাবে দুটি তদন্ত কমিটি গঠন করে।

ইতোমধ্যে কমিটির সদস্যরা কয়েক দফা শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করেছেন। ঘটনার দিন দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি টিভি) ফুটেজগুলো দেখে পর্যালোচনা করেছেন তারা।
এদিকে বিমান মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা ছিল। গতকাল তদন্তের সময় আরও দুই কর্মদিবস বাড়ানো হয়েছে।

বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় চট্টগ্রামে একটি মামলা করা হয়। ওই মামলার তদন্ত করছেন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের ইন্সপেক্টর রাজেশ বড়ুয়া। তিনি ইতোমধ্যে ওই ঘটনায় শাহজালাল ও শাহ আমানত বিমানবন্দর এবং বিমানের ভেতরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। বিমানের পাইলট, ক্রু এবং যাত্রীদেরও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন। চলতি সপ্তাহেই তদন্ত কর্মকর্তারা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে তাদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বিমানের তদন্ত কমিটি ভিডিও ফুটেজ ঘেঁটে সেদিন কীভাবে পলাশ আহমেদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করেন তা যাচাই-বাছাই করে দেখেছে। ওই দিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ টার্মিনালে যারা দায়িত্ব পালন করেছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই তালিকার সংখ্যা ২৪ জন।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ময়ূরপঙ্খি’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টাকালে গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যৌথ বাহিনীর অভিযানে নিহত হন পলাশ আহমেদ ওরফে মাহাদী নামে এক যাত্রী। ওই উড়োজাহাজে থাকা ক্রুসহ ১৪৭ যাত্রীর মধ্যে সবাই নিরাপদে সেদিন বেরিয়ে আসেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.