দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ বিমান: দুদকের সুপারিশ আমলে নেয়া জরুরি।
দুর্নীতির কারণে জাতীয় পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেহাল দশার কথা দীর্ঘদিন ধরেই আলোচিত।
মূলত অব্যবস্থাপনা, ব্যাপক দুর্নীতি, মাথাভারি প্রশাসনসহ প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি লোকবলের কারণে বিমানকে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ লোকসান দিতে হচ্ছে। ইতিপূর্বে খবর বেরিয়েছিল, বিমানের বৈদেশিক জিএসএ অফিসগুলোর দুর্নীতির কারণে সংস্থাটি প্রতি বছর শত কোটি টাকারও বেশি রাজস্ব হারাচ্ছে। বিমানের লোকসানের এটিও একটি কারণ নিঃসন্দেহে। অন্যদিকে বেবিচকের দুর্নীতির কারণে দেশের বিমানবন্দরগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছে।
এসব বিষয় প্রায়ই গণমাধ্যমে উঠে আসে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানেও পাওয়া গেছে এর সত্যতা। বিমানের ৮ এবং বেবিচকের ১১ খাতে দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুদক। অনুসন্ধানে দেখা গেছে, এসব খাতে সীমাহীন দুর্নীতি হচ্ছে। বিমান ও বেবিচকের অসাধু কর্মকর্তা এবং বোর্ডের অসৎ পরিচালকরা এসব দুর্নীতির সঙ্গে জড়িত।
বিমানের যেসব খাতে দুর্নীতি চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- এয়ারক্রাফট কেনা ও লিজ নেয়া, রক্ষণাবেক্ষণ-ওভারহোলিং, গ্রাউন্ড সার্ভিস, কার্গো আমদানি-রফতানি, টিকিট বিক্রি, ক্যাটারিং ইত্যাদি। বেবিচকের দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে রয়েছে- টাওয়ার বোর্ডিং ব্রিজসহ বড় বড় ক্রয়, অবকাঠামো উন্নয়ন, সম্পত্তি ব্যবস্থাপনা, পরামর্শক নিয়োগ, মেরামত ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি। দুর্নীতি সংক্রান্ত দুদকের প্রতিবেদনে যথার্থই বলা হয়েছে, খাতগুলোর দুর্নীতির লাগাম টেনে না ধরলে প্রতিষ্ঠানটি মুখ থুবড়ে পড়তে পারে।
বস্তুত বিমান ও বেবিচকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের শেষ নেই। এদের নেই সেবার মান বৃদ্ধির কোনো প্রয়াস। ফলে পারতপক্ষে কেউ বিমানের উড়োজাহাজে চড়তে চান না। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কোনো প্রতিষ্ঠানকে টিকে থাকতে হলে সে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ, যোগ্য ও দুর্নীতিমুক্ত হওয়ার বিকল্প নেই। এদিক থেকে বিমানের অবস্থা অত্যন্ত নাজুক। অদক্ষতা, অযোগ্যতা আর দুর্নীতি এ সংস্থাটির পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় বিমানের পিছিয়ে পড়ার এটাই অন্যতম কারণ। অতীতে জনবল কমিয়ে আনা এবং বিদেশিদের সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়াসহ বিমানকে দুর্নীতিমুক্ত করার নানা উদ্যোগ নেয়া হলেও তা ফলপ্রসূ হয়নি।
তাই দাবি উঠেছে বিমানকে গতিশীল করতে একটি পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের। এ লক্ষ্যে সরকার পদক্ষেপ নেবে, এটাই কাম্য। অন্যদিকে বিমানবন্দরকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করার সঙ্গে যাত্রী ও পণ্যের নিরাপত্তা, দেশের অর্থনীতি ও ভাবমূর্তির প্রশ্ন জড়িত। এসব বিষয় খাটো করে দেখার ন্যূনতম সুযোগ নেই।
বিমান ও বেবিচকের দুর্নীতি প্রতিরোধে দুদক ১৯ দফা সুপারিশ করেছে। সুপারিশনামায় বলা হয়েছে, দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার। অতীতে ক্রয়ের ক্ষেত্রে দৃশ্যমান বড় অসঙ্গতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এ যাবৎকালের অডিট আপত্তিগুলো গুরুত্বসহ বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এছাড়া আরও নানা পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। আমরা আশা করব, দুদকের সুপারিশগুলো আমলে নিয়ে অবিলম্বে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
সরকারের শীর্ষ পর্যায় থেকেও এদিকে কঠোর দৃষ্টি দেয়া দরকার। বস্তুত তা অপরিহার্য হয়ে পড়েছে বলেই মনে করি আমরা।
যুগান্তর