সিরিয়ায় আবারও ফ্লাইট চালু করছে জর্ডান এয়ারলাইন্স

সিরিয়ায় আবারও ফ্লাইট চালু করছে জর্ডান এয়ারলাইন্স।

সাত বছর স্থগিত রাখার পর সিরিয়ার সঙ্গে আবারও বিমান যোগাযোগ প্রতিষ্ঠা করতে যাচ্ছে জর্ডান। এর মধ্যেই রয়েল জর্ডান এয়ারলাইন্সের বিমানকে সিরিয়ার আকাশে চলাচল শুরুর অনুমতি দিয়েছে জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কমিশন। খবর পার্স ট্যুডে।

উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে সিরীয় সরকার পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে চলেছে। ঠিক এমন সময়ই এ পদক্ষেপ নিল জর্ডান। দেশটির সরকারি বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে, কয়েক দফা নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কমিশন ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে।
নিয়ন্ত্রণ কমিশন আরো বলেছে, তারা এখনো সিরিয়ার বিমানবন্দরগুলোর বিশেষ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থতি পর্যালোচনা করে দেখছে।

রয়েল জর্ডান এয়ারলাইন্স সিরিয়ার আকাশে ফ্লাইট চালুর অনুমতির কথা স্বীকার করেছে। এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তারা পরিস্থিতি মূল্যায়ন করে দেখবে বলেও জানিয়েছে।

২০১২ সালে জর্ডান এয়ারলাইন্স সিরিয়ার আকাশে বিমান চলাচল বন্ধ করে দেয়। তার এক বছর আগে দামেস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় জর্ডান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.