ডাকযোগে বোমা লন্ডনের বিমান বন্দরে।
লন্ডনের দু’টি বিমানবন্দর ও একটি পাতালরেল স্টেশনে ডাকযোগে বোমা পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৫ মার্চ) সকালে হিথ্রো বিমানবন্দরের এক কর্মী একটি প্যাকেট খুলে সন্দেহজনক একটি ডিভাইস দেখতে পান।
ওই সময় ডিভাইসটিতে আগুন ধরে গেলে বিষয়টি প্রথমবার পুলিশের নজরে আসে। এরপরই লন্ডনের ব্যস্ততম রেল স্টেশন ওয়াটার লু’র পোস্ট রুমেও একই ধরনের একটি প্যাকেট পাওয়া যায়।
পরে পূর্ব লন্ডনের সিটি এয়ারপোর্টের অফিসে তৃতীয় বোমাটি পাওয়া যায়। এসব বোমা পাওয়ার ঘটনায় বিমানবন্দরে ফ্লাইটে কোনও পরিবর্তন না ঘটলেও লন্ডন ও সেন্ট্রাল লন্ডনের মধ্যবর্তী একটি রেল লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। জড়িতদের খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।