পাঁচ দেশের আকাশে নিষিদ্ধ বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ

পাঁচ দেশের আকাশে নিষিদ্ধ বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ।

মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনায় ‘বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮’ উড়োজাহাজের নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আতঙ্ক কাটছে না যাত্রী ও পাইলটদের মাঝেও। এরই মধ্যে বেশ কিছু দেশ ও বিমান সংস্থা ৭৩৭ ম্যাক্স ৮ বিমান আকাশে উড্ডয়ন স্থগিত ঘোষণা করেছে। এতে শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছে বোয়িং। গত সোমবার বোয়িংয়ের দর পড়েছে ১১.৭ শতাংশ। বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির বাজার মূল্য শত শত কোটি ডলার হ্রাস পেয়েছে।

গত অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের উড়োজাহাজ দুর্ঘটনায় ১৮৯ আরোহী প্রাণ হারান। পাঁচ মাসের মধ্যে গত রবিবার বিধ্বস্ত হয় ইথিওপিয়ান এয়ারলাইনসের একই মডেলের ‘বোয়িং ৭৩৭ ম্যাক্স’ উড়োজাহাজ। এতে ১৫৭ জন আরোহীর সবাই নিহত হন। দুটি উড়োজাহাজই বিধ্বস্ত হয় উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে। ফলে বিমানের মধ্যে কোনো টেকনিক্যাল ত্রুটি আছে কি না এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বোয়িং এরই মধ্যে ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনা তদন্তে সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে। কম্পানি জানিয়েছে, নিরাপত্তা হচ্ছে তাদের এক নাম্বার অগ্রাধিকার।

এদিকে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মডেলটির উন্নয়নের তাগিদ দিয়েছে বোয়িংকে। যদি নিরাপত্তা ইস্যু পাওয়া যায় তবে ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে।

দুর্ঘটনার পর এ পর্যন্ত পাঁচ দেশ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান নিজেদের আকাশে নিষিদ্ধ করেছে। দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান। এর পাশাপাশি বিমান উড্ডয়ন না করার সিদ্ধান্ত নিয়েছে চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া। বোয়িং ৭৩৭ ম্যাক্সের ফ্লাইট অস্থায়ী ভিত্তিতে নিজেদের আকাশে স্থগিত করেছে সিঙ্গাপুর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জানানো হয়, এ নিষেধাজ্ঞার আওতায় এই বিমানের কোনো ফ্লাইট সিঙ্গাপুরে যেতে বা সিঙ্গাপুর থেকে উড্ডয়ন করতে পারবে না। ব্রিটেনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও নিজেদের আকাশে এ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেছে।

গত সোমবার বেইজিং অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এর উড্ডয়ন আপাতত স্থগিত রাখার জন্য। চীনের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিমানের নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত হলেই কেবল উড্ডয়নের অনুমতি দেওয়া হবে। বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বৈশ্বিক বিমান সরবরাহের এক-পঞ্চমাংশ নিয়েছে চীন। ফলে কম্পানিটির জন্য চীন একটি বৃহৎ বাজার। ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা ৭৩৭ ম্যাক্স ৮-এর ১১টি জেট বিমান উড্ডয়ন স্থগিত রেখেছে।

বেশ কিছু বিমান সংস্থা বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের উড্ডয়ন বন্ধ রেখেছে। গত সোমবার ইথিওপীয় এয়ারলাইনস জানিয়েছে, পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত তাদের ৭৩৭ ম্যাক্স ৮-এর সব বিমান উড্ডয়ন বন্ধ থাকবে। আফ্রিকার সবচেয়ে বড় বিমান সংস্থাটি জানায়, যদিও আমরা দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত নই, তবে বাড়তি সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিমান সংস্থা কমএয়ার, ক্যামেন আইল্যান্ডের ক্যাম্যান এয়ারওয়েজ, ব্রাজিলের গোল এয়ারলাইনস, এয়ারোমেক্সিকো ও এয়ারোলাইনএস আর্জেন্টিনাস তাদের বহরে থাকা ৭৩৭ ম্যাক্স ৮-এর উড্ডয়ন স্থগিত ঘোষণা করেছে। কম্পানিগুলো জানায়, পাইলটরাও এ মুহূর্তে এ বিমানে ফ্লাই করতে আপত্তি জানাচ্ছে। তবে বেশ কিছু দেশ ও বিমান সংস্থা ভয়াবহ দুর্ঘটনার পরও বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড্ডয়ন অব্যাহত রেখেছে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক, ইতালি, আইসল্যান্ড, নরওয়ে, দুবাই, ওমান ও ইন্ডিয়া। এ মডেলের উড়োজাহাজ দিয়ে অনিয়মিত হলেও বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে মালিন্দো ও জেট এয়ার এবং স্পাইস জেট। আগামী বছরের মার্চ নাগাদ বহরে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ সংযোজনের ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলাও। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ইথিওপিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে দেশের কোনো এয়ারলাইনসকে এ মডেলের উড়োজাহাজ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। বিশ্বব্যাপী বর্তমানে ৩৫০টির বেশি ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ ব্যবহার করছে এয়ারলাইনসগুলো। আরো ৫,০০০ উড়োজাহাজের ক্রয়াদেশ আছে। এএফপি, রয়টার্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.