‘ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনার স্পষ্ট সাদৃশ্য রয়েছে’।
এক সপ্তাহ আগে বিধ্বস্ত ইথিওপিয়ান এয়ারলাইন্স বিমানের উদ্ধারকৃত ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যায়, এ দুর্ঘটনার সঙ্গে এর আগে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত একই ধরনের বোয়িং বিমান দুর্ঘটনার স্পষ্ট সাদৃশ্য রয়েছে। ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী এ কথা বলেছেন। খবর গার্ডিয়ান অনলাইনের।
হাজার হাজার লোক রবিবার ৩০২ বিমান দুর্ঘটনায় নিহত ইথিওপীয়দের জন্য এক শেষকৃত্য অনুষ্ঠানে দেহাবশেষ রাখার ১৭টি খালি বাক্স নিয়ে রাজধানী আদ্দিস আবাবার রাস্তায় মিছিল করে। পরিবহনমন্ত্রী তথ্যটি এদিনই প্রকাশ করেন। ইথিওপীয় বিমান দুর্ঘটনায় নিহত হন ১শ’ ৫৭ আরোহী। এ দুর্ঘটনাটি ঘটে ১০ মার্চ এবং ইন্দোনেশিয়ায় ৩০২ লায়ন এয়ার বিমান দুর্ঘটনা ঘটে অক্টোবরে।
এ দুর্ঘটনাগুলোর পর যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ভূমিতে নামিয়ে নেয় এবং এগুলোর উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরিবহনমন্ত্রী দাগসাউয়িত মোগেস সাংবাদিকদের বলেন, আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের অল্প ক্ষণ পর বিধ্বস্ত ৩০২ বিমানের ফ্লাইট রেকর্ডারটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং প্রায় সকল তথ্য উদ্ঘাটন সম্ভব হয়। মন্ত্রী বলেন, এ পর্যন্ত যে সকল তথ্য সংগ্রহ করা হয়েছে তাতে দুটো বিমান বিধ্বস্ত ঘটনার মধ্যে স্পষ্ট সাদৃশ্যের আভাস পাওয়া যায়। ফ্লাইট ডাটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার ফ্রান্সের ব্যুরো অব সিভিল এভিয়েশন সেইফটির (বিইএ) বিশ্লেষণের জন্য প্যারিস পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) এর মধ্যে বলেছে, উপগ্রহভিত্তিক উপাত্তে দেখা যায় যে, ফ্লাইট ৩০২ ও ইন্দোনেশিয়ান বিধ্বস্ত লায়ন এয়ার ফ্লাইট ৬১০- এর গতিময়তা বা মুভমেন্ট একই ধরনের। তথ্যে আভাস পাওয়া যায়, উভয় বিমানের চালক তাদের বিমান নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। উড্ডয়নের পরপরই দুটো বিমানের ক্রুরাই বিমানবন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন। সন্দেহ দেখা দিচ্ছে যে ত্রুটিযুক্ত সেন্সর ও সফটওয়্যারের কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকতে পারে। মোগেস বলেন, ইথিওপীয় সরকার এক মাসের মধ্যে বিস্তারিত তথ্য প্রকাশ করার ইচ্ছা ব্যক্ত করেছে।
রবিবার ভোরে এ নিহতদের জন্য স্মরণ অনুষ্ঠানে পতাকা আবৃত কফিনের পেছনে বেশ কয়েকজন আত্মীয়স্বজন দুঃখ ভারাক্রান্ত ও মুর্ছাপ্রবণ হয়ে পড়েন।কর্মকর্তারা নিহতদের পরিবারের সদস্যদের বিমান বিধ্বস্ত স্থান থেকে পোড়ামাটি ভরা ব্যাগ সরবরাহ শুরু করার একদিন পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃতদেহের ধ্বংসাবশেষ শনাক্ত করা কঠিন হয়ে পড়ায় এ ব্যাগ সরবরাহ করা হয়। পরিবারের সদস্যরা বলেছেন, বিধ্বস্ত স্থানের ১ কেজি মাটি বোঝাই ব্যাগ তাদের কাছে সরবরাহ করা হয়েছে।