এক সপ্তাহে ২৫০০ কোটি ডলার বাজারমূল্য হারাল বোয়িং

এক সপ্তাহে ২৫০০ কোটি ডলার বাজারমূল্য হারাল বোয়িং।

পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং সংকটে পড়েছে। ইথিওপিয়ায় এ মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর থেকে এক সপ্তাহে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমেছে দুই হাজার ৫০০ কোটি ডলার। শুধু আর্থিক ক্ষতিই নয়, উড়োজাহাজ খাতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হচ্ছে। খবর রয়টার্স।
ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহীর সবাই নিহত হওয়ার জেরে একই মডেলের নিজেদের সব উড়োজাহাজ বন্ধের ঘোষণা দিয়েছে অনেক দেশ। মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী কোম্পানি বোয়িংয়ের এ মডেলের উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী চলে তুমুল সমালোচনা। বিভিন্ন দেশ এ মডেলের উড়োজাহাজ চলাচল সাময়িক স্থগিত করে। প্রথমে বোয়িংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ মডেলের উড়োজাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী। কিন্তু ইথিওপিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনার স্থল থেকে তদন্তকারীরা কারিগরি ত্রুটির নতুন আলামত পেয়েছেন জানালে উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের সব উড়োজাহাজ চলাচল স্থগিত করে দিয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ মডেলের ৩৭১টি উড়োজাহাজ কার্যক্রম স্থগিত রেখেছে তারা। বোয়িংয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৭৩৭ ম্যাক্সের নিরাপত্তার ব্যাপারে তাদের পূর্ণ আস্থা আছে। তবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
বোয়িংয়ের প্রেসিডেন্ট ডেনিস মুলেনবার্গ বলেন, আমরা এ পদক্ষেপকে সমর্থন করছি। ?দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্তকারীদের সঙ্গে আমরা সবকিছু করতে প্রস্তুত। আমরা এমন নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে চাই যেন ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানো যায়।
৭৩৭ ম্যাক্স মডেলের চার হাজার উড়োজাহাজের ক্রয়াদেশ রয়েছে বোয়িংয়ের, যা এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। কিন্তু চলমান এ অচলাবস্থায় ক্রেতাদের মধ্যে অবশ্যই উদ্বিগ্ন করেছে। যদি ক্রেতারা এ উড়োজাহাজ নিতে অস্বীকৃতি জানায়, তাহলে বড় সংকটে পড়তে হবে প্রতিষ্ঠানটিকে।

বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় এক সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ১০ শতাংশ। ২৫ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে বোয়িং। তবে সমস্যা সমাধানে নতুন একটি সফটওয়্যার আগামী ১০ দিনের মধ্যে স্থাপনের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে গত শুক্রবার কিছুটা দাম বেড়েছে শেয়ারের। এখনও প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২০০ বিলিয়ন ডলারের ওপরে। এর প্রতিযোগী এয়ারবাসের বাজার মূলধনের তুলনায় যা এখনও দ্বিগুণেরও বেশি।
সম্প্রতি ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হয়। আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে যাত্রা করেছিল ফ্লাইট ইটি-৩০২। যাত্রার কয়েক মিনিট পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আদ্দিস আবাবার ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিশোফটু শহরের কাছে বিধ্বস্ত হয় এটি। ইথিওপিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটির সব আরোহীই মারা গেছেন। এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর ইন্দোনেশিয়ার দ্বীপ শহর পাংকাল পিনাংয়ের উদ্দেশে যাত্রার পর জাভা সাগরে বিধ্বস্ত হয় বোয়িং ওই মডেলের একটি উড়োজাহাজ। এতে ১৮৯ আরোহীর সবার মৃত্যু হয়। এ দুটি ঘটনাতেই উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজ দুটি বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হন। এর জেরে বিভিন্ন দেশের এয়ারলাইনস তাদের বহরে থাকা বোয়িংয়ের ওই মডেলের উড়োজাহাজগুলো না উড়িয়ে ভূমিতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে শুরু করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.