চেন্নাইয়ে ইউএস-বাংলার মেডিকেল প্যাকেজ ঘোষণা

প্রথমবারের মতো ঢাকা থেকে সরাসরি চেন্নাই ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ উপলক্ষে পর্যটকদের জন্য আকর্ষণীয় ট্যুর ও মেডিকেল প্যাকেজ ঘোষণা করেছে দেশের বেসরকারি এয়ারলাইন সংস্থাটি।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।

তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় আগামী ৩১ মার্চ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য ভারতের চেন্নাইতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হবে।

ঢাকা-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫ হাজার ৪৩ টাকা এবং রিটার্ন ভাড়া ২২ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৬,০৪৫ টাকা এবং রিটার্ন ভাড়া ২২ হাজার ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। প্রাথমিকভাবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৯টা ১০ মিনিটে এবং চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চেন্নাই এর উদ্দেশে ছেড়ে যাবে এবং চেন্নাই এর স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌঁছাবে। এছাড়া চেন্নাই থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে এবং বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে।

বর্তমানে ভালো চিকিৎসা ও সাশ্রয়ী সেবার জন্য উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও প্রতিবেশী দেশ ভারতে যাচ্ছেন উল্লেখ করে ইউএস-বাংলার এই কর্মকর্তা বলেন, থাইল্যান্ডের মতো ভারতের মেডিক্যাল ট্যুরিজম বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল। প্রতিবছর ১০ থেকে ১২ লাখ লোক ভারতে যায়। এর মধ্যে ২০ শতাংশ চিকিৎসা ভিসা নিয়ে যায়, তবে প্রকৃত অর্থে চিকিৎসার্থে যাওয়া লোকের সংখ্যা আরো বেশী হবে। অন্যরা টুরিস্ট ভিসা নিয়ে ভারত যায়। বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকায় সেখানকার চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত এবং একই সঙ্গে সাশ্রয়ী।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এ্যাপোলো হসপিটাল, চেন্নাই এর সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স চেন্নাইতে প্রতিজনের জন্য ৩৭ হাজার ৯৯০ টাকায় একটি হেলথ প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজ এর মধ্যে ঢাকা-চেন্নাই-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, দুই জনের জন্য ২ রাত ৩ দিন থাকার ব্যবস্থা রাখা হয়েছে, কমপ্লিমেন্টারি সকালের নাস্তা, ফ্রি ভিসা ইনভাইটেশন লেটার, ফ্রি ডক্টরস অ্যাপয়নমেন্ট, ফ্রি এয়ারপোর্ট পিক-আপসহ অ্যাপোলো মাস্টার হেলথ চেক প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে।

অ্যাপোলো মাস্টার হেলথ চেক প্যাকেজ এর মধ্যে রয়েছে- হ্যামোগ্রাম, ব্লাড সুগার টেস্টস, কিডনি ফাংকশন টেস্টস, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্টস, কমপ্লিট ইউরিন অ্যানালাইসিস, স্টুল টেস্ট, ইসিজি, এক্স-রে চেস্ট, অ্যাবডোমিন আল্ট্রাসাউন্ড (স্ক্রিনিং অনলি) ও প্যাপ স্মিয়ার (ফর ওমেন)।

হেলথ প্যাকেজ ছাড়াও পর্যটকদের জন্য নূন্যতম ৩২,৪৯০ টাকায় ২ রাত ৩ দিনের হলিডে প্যাকেজ ও ঘোষণা করা হয়েছে। প্যাকেজ এর মধ্যে ঢাকা-চেন্নাই-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, দুই জনের জন্য ২ রাত ৩ দিন থাকার ব্যবস্থা রাখা হয়েছে, কমপ্লিমেন্টারি সকালের নাস্তা, ফ্রি এয়ারপোর্ট পিক-আপ অন্তর্ভুক্ত রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.