পর্যটন মেলায় টিকেটের মূল্যে ১৫% ছাড় দিচ্ছে ‘নভোএয়ার’

পর্যটন মেলায় টিকেটের মূল্যে ১৫% ছাড় দিচ্ছে ‘নভোএয়ার’।

জোবায়ের অভি ও শামীম আহমেদ, মেলা থেকেঃ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পাঁচতারকা হোটেলটির বলরুমে ফিতা কেটে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো মেলাটি আয়োজন করেছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ধান বাহাদুর আলি, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের হেড অব কার্ডস মোহাম্মদ আনোয়ার হোসেন, দি বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী।

‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ উপলক্ষে সব গন্তব্যে টিকেটের মূল্যে ১৫% ছাড় দিচ্ছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। অফারটি পেতে সম্মানিত গ্রাহকদের মেলায় এসে নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম “স্মাইলস” এর সদস্য হতে হবে।

সম্মানিত গ্রাহকদের মেলা চলাকালীন সময়ের মধ্যে নভোএয়ার এর প্যাভিলিয়ন থেকে টিকেট ক্রয় বা বুকিং করতে হবে। এছাড়াও কক্সবাজার ও কলকাতায় ভ্রমণের জন্য তিন দিন ও দুই রাতে হোটেলসহ আকর্ষনীয় প্যাকেজ ঘোষনা করেছে।

এবার মেলায় বাংলাদেশ ও নেপাল ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা পাঁচটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

আগামী ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা। সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র‌্যাফেল ড্র। বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে থাকা, লাঞ্চ ও ডিনার কূপনসহ বিভিন্ন পুরস্কার। প্রতিদিন সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশি-বিদেশি শিল্পীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.