পর্যটন মেলায় সর্বোচ্চ ২৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে বিমান

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পাঁচতারকা হোটেলটির বলরুমে ফিতা কেটে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো মেলাটি আয়োজন করেছে।

 

ছুটির দিন হওয়ায় আজ সকাল থেকে ই মেলায় দর্শনার্থীরা আসতে শুরু করে। বিকেল বেলায় মেলার স্টল গুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিটার্ন টিকেটে কলকাতায় ১০ শতাংশ, কাঠমান্ডুতে ২০ শতাংশ, ইয়াঙ্গুনে ২৫ শতাংশ, ব্যাংককে ২০ শতাংশ, সিঙ্গাপুরে ২০ শতাংশ ও কুয়ালালামপুরে ২০ শতাংশ অর্থ ছাড় দেওয়া হচ্ছে। একইভাবে ওয়ানওয়ে টিকিট কিনলেও সমান অর্থ ছাড় পাবেন গ্রাহকরা।

ছাড় দেওয়ার পর রিটার্ন টিকেট মূল্য কলকাতায় ১১ হাজার ১৭৮ টাকা, কাঠমান্ডুতে ১৫ হাজার ৮১৯ টাকা, ইয়াঙ্গুন ২৩ হাজার ৪৭৭ টাকা, ব্যাংককে ১৭ হাজার ৭১১ টাকা, সিঙ্গাপুরে ২৩ হাজার ৫২২ টাকা ও কুয়ালালামপুরে ২৩ হাজার ৭৮৪ টাকা।

বাংলাদেশ ও নেপাল ছাড়াও মেলায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা পাঁচটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

আগামীকাল ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা। সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র‌্যাফেল ড্র। বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে থাকা, লাঞ্চ ও ডিনার কূপনসহ বিভিন্ন পুরস্কার। প্রতিদিন সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশি-বিদেশি শিল্পীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.