দেনাগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আরও ঋণ দিবে সোনালী ব্যাংক

দেনাগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আরও ঋণ দিবে সোনালী ব্যাংক।

দেনাগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আরও ঋণ দিচ্ছে সোনালী ব্যাংক। এবারও বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ থেকে এই ঋণের ব্যবস্থা করা হচ্ছে। যদিও সোনালী ব্যাংকের আগের ঋণই পরিশোধ করেনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
জানা গেছে, রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ঋণ দিতে লন্ডনে সোনালী ব্যাংকের সোনালী এক্সচেঞ্জ লিমিটেডে ২৫ কোটি ডলার আমানত হিসেবে জমা রাখবে বাংলাদেশ ব্যাংক। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আগের ঋণ সমন্বয় করে প্রায় ২০ কোটি ডলারের মতো নতুন ঋণ সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কাজ গুছিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের আরও কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এর আগে রাষ্ট্রীয় বিমান সংস্থাটিকে দুটি নতুন উড়োজাহাজ কিনতে ২০১৩ সালে ১১ কোটি ৮০ লাখ ডলারের ঋণের ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা বোয়িংয়ের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে একটি চুক্তি করেছিল বাংলাদেশ বিমান। ওই চুক্তি অনুযায়ী, ২০১৩ সাল পর্যান্ত ছয়টি উড়োজাহাজ কেনে বাংলাদেশ বিমান। ২০১৯ ও ২০২০ সালে পর্যায়ক্রমে আরও চারটি বিমান যুক্ত হবে বিমানের উড়োজাহাজ বহরে।
বর্তমান বাজারদরে এক ডলার ৮৪ টাকার ওপরে বিক্রি হচ্ছে। সে হিসেবে ২৫ কোটি ডলারে বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১০০ কোটি টাকা আমানত রাখা হবে সোনালী ব্যাংক ইউকেতে। রিজার্ভ বিনিয়োগের অংশ হিসেবে এই আমানত রাখবে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সিদ্ধান্ত না হওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিমানকে নতুন করে ঋণ দেওয়ার বিষয়টি পুরোপুরি অবগত নয় বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যকার এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিমানকে নতুন করে আরও ঋণ দেওয়ার জন্য সোনালী ব্যাংক ইউকেতে আমানত রাখার উদ্যোগ নেয় বিভাগটি।
সদ্যবিদায়ী বছরে হজের মৌসুমে দুই মাস মুনাফা করলেও বাকি ১০ মাস লোকসান দিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২০১৮ সালে ২০১ কোটি টাকা লোকসান ছিল বিমানের।

জানা গেছে, ২০০৭ সালে বিশ্বব্যাংকের কাছ থেকে ২৯০ কোটি টাকা ঋণ নিয়ে স্বেচ্ছা অবসরে পাঠানো কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধ করে বিমান। ওই ঋণ এখন বেড়ে ৪১৯ কোটি টাকা হয়েছে। ১৯৮৪ সালে ডিসি-১০ কেনার ঋণের ২২২ কোটি টাকা এখনও বকেয়া রয়েছ। এছাড়া গত ১০ বছরে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা ও ব্যাংক থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বিমান। এখনও ১০ হাজার ৪০০ কোটি টাকার ঋণ বকেয়া আছে। ফ্লাইট পরিচালনা বাবদ বিমানের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা। জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল পাবে এক হাজার ৯০ কোটি টাকা। এ ছাড়া বকেয়া কর, বিভিন্ন যন্ত্রাংশ আমদানি ও গ্রাউন্ড হ্যান্ডেলিং বিল বাবদ সরকারের কাছে বিমানের দেনা প্রায় দুই হাজার কোটি টাকার বেশি।
জানা গেছে, ২০১৯ সালে অত্যাধুনিক প্রযুক্তির আরও দুটি ড্রিমলাইনার কিনছে বিমান। এ নিয়ে বিমানের বহরে ড্রিমালাইনারের সংখ্যা দাঁড়াবে চারে।
কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রিও করে থাকে। চলতি অর্থবছরের এ পর্যন্ত মোট ১৮১ কোটি ৪০ লাখ ডলার ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২০ মার্চ বুধবার বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভে ছিল তিন হাজার ১৬৯ কোটি ৪২ লাখ ডলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.