সিঙ্গাপুর এয়ারলাইন্সের মুম্বই-সিঙ্গাপুর বিমানে বিস্ফোরণের হুমকি!
মাঝ আকাশেই বিমানে বিস্ফোরণের হুমকির মুখে পড়লেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের মুম্বই থেকে সিঙ্গাপুরগামী একটি বিমানের ২৬৩ জন যাত্রী। তবে, হুমকি দেওয়া হলেও কোনও বিপত্তি ঘটেনি এবং যাত্রীদের নিয়ে নিরাপদেই বিমানটি মঙ্গলবার স্থানীয় সময় অনুযায়ী সকাল আটটায় সিঙ্গাপুরের চাংগি বিমানবন্দরে অবতরণ করেছে। বড়সড় কোনও দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর নেই।
সিঙ্গাপুর বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, “এদিন সকালের মুম্বই-সিঙ্গাপুরগামী এসকিউ৪২৩ বিমানটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। তবে, পাইলট এবং বিমানকর্মীদের তৎপরতায় ২৬ মার্চ, ২০১৯ স্থানীয় সময় সকাল ৮টায় ২৬৩ জন যাত্রী নিয়ে বিমানটি চাংগি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।” বিমানবন্দরের আধিকারিকেরা আরও জানান, “২৬৩ জন যাত্রী নিয়ে এসকিউ৪২৩ বিমানটি মুম্বই থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। কর্তৃপক্ষ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং এয়ারলাইন্সের তরফ থেকে তদন্তে সবরকমের সহায়তা করা হচ্ছে।” ভারতীয় সময় অনুসারে, সোমবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে মুম্বই বিমানবন্দর থেকে রওনা হয় মুম্বই-সিঙ্গাপুরগামী এসকিউ৪২৩ বিমান।