আড়াই হাজার ফ্রি টিকিট বিক্রি করে ১৬ কোটি টাকা আত্মসাৎ করেছে লন্ডন কান্ট্রি ম্যানেজার শফিকুল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন থেকে আসা কান্ট্রি ম্যানেজারসহ দুই কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে বিমান কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (৩ এপ্রিল) এক দাফতরিক আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লন্ডন থেকে আসা কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলামের বিরুদ্ধে আড়াই হাজার ফ্রি টিকিট বিক্রি করে ১৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এছাড়া মার্কেটিং বিভাগের অপর কর্মকর্তা হচ্ছেন ভারপ্রাপ্ত পরিচালক আশরাফুল আলম। তার বিরুদ্ধে বিমান মনোনীত কিছু ট্রাভেল এজেন্সিকে সিট ব্লক করে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ রয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিমানের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়।

জানা গেছে, সদ্য লন্ডন থেকে বদলি হয়ে আসা শফিকুল ইসলামের চার বছরের মেয়াদে লোকাল স্টেশন থেকে ২ হাজার ৪৭২টি ফ্রি টিকিট ইস্যু করা হয়েছে। যাদের সবাই লন্ডন থেকে ঢাকা এসে আবার লন্ডনে ফেরত গেছেন। এর মধ্যে বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন ১ হাজার ১৩৬ জন এবং ইকোনমি ক্লাসের যাত্রী ছিলেন ১ হাজার ৩৩৬ জন।

আর বিপণন ও বিক্রয় শাখার মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল আলম ভারপ্রাপ্ত পরিচালক থাকা অবস্থায় তিনি বিমান মনোনীত কয়েকটি ট্রাভেল এজেন্সিকে সিট ব্লক করে বিশেষ সুবিধা দেন বলে অভিযোগ রয়েছে। তবে এই ‘বিশেষ সুবিধাকে’ আর্থিক অনিয়ম মানতে নারাজ বিপণন শাখার কর্মকর্তারা। তাঁদের মতে, অনেক সময় বড় গ্রুপের যাত্রী থাকে। ব্যবসায়িক স্বার্থে ট্রাভেল এজেন্সির চাহিদার কারণে অনেক সময় সিট ব্লক করতে হয়।

অভিযোগের বিষয়ে দুই কর্মকর্তার কারও বক্তব্য পাওয়া যায়নি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিমানের লন্ডন স্টেশনে বিনা মূল্যের টিকিট ইস্যু ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আরও কয়েকটি খাতে দুর্নীতি অভিযোগ এসেছে, সেগুলো তদন্ত করা হবে।

এদিকে বিমানের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, ভারপ্রাপ্ত পরিচালককে ওএসডি করার পর বিমানের বিপণন ও বিক্রয় শাখার পরিচালক ও জিএম দুটি পদই শূন্য হয়েছে। এর মধ্যে পরিচালক পদ অনেক দিন ধরেই শূন্য। সামনে হজ ফ্লাইট পরিকল্পনা ও সেটা ঠিকভাবে করার মতো পর্যাপ্ত কর্মকর্তাও এখন এই শাখায় নেই। কেবল একজন ডিজিএম আছেন, যাঁর এ বিষয়ে অভিজ্ঞতা আছে।

আজ জারি করা বিমানের প্রশাসনিক আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিপণন ও বিক্রয় শাখার দায়িত্ব এমডির কাছে ন্যস্ত থাকবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এ বিষয়ে বলেন, ফ্রি টিকিটে বিজনেস ক্লাসের যাত্রী ১ হাজার ১৩৬ এবং ইকোনমি ক্লাসের যাত্রী ১ হাজার ৩৩৬ জন -এই অঙ্ক সঙ্গতিপূর্ণ হতে পারে না। আর সার্কুলার মতে যারা বিজনেস ক্লাসের যোগ্য তাদের নামে টিকিটগুলো ইস্যু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে এমন প্রমাণ করতে হবে।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্তের জন্য মন্ত্রণালয় থেকে কয়েকদিনের মধ্যে একটি দল লন্ডনে পাঠানো হবে। লন্ডন স্টেশনে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে আরও কয়েকটি খাতে দুর্নীতি অভিযোগ এসেছে, সেগুলোও তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.