অবৈধভাবে মানবপাচার দালালদের তালিকা চায় সরকার

Manobঢাকা: পুলিশ প্রশাসনের কাছে কক্সবাজার জেলার নৌপথে মানবপাচারকারী দালালদের তালিকা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইজিপি বরাবর এ সংক্রান্ত্র চিঠিও দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে জরুরি ভিত্তিতে দালালদের চিহ্নিত করা এবং তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা রয়েছে চিঠিতে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে গত ১৩ মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় পাচার হওয়া চিহ্নিত বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে।

নৌপথে মানবপাচার প্রতিরোধে মাঠ পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গত শুক্রবার (১৫ মে) প্রতিমন্ত্রী কক্সবাজারের মহেশখালী এলাকা পরিদর্শন করেন। শনিবার (১৬ মে) জেলার আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়েও অংশ নেন তিনি।

ওই মিটিংয়ে প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসনকেও মানবপাচার প্রতিরোধে দালালদের চিহ্নিত করার নির্দেশনা দেন।

সূত্র জানায়, পাচারকারী দালালদের জরুরি ভিত্তিতে চিহ্নিত করা এবং তালিকা তৈরি করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার উপকূলীয় সাগরে ভাসমান বাংলাদেশিদের উদ্ধারে জরুরি উদ্যোগ নেয় সরকার। উদ্যোগ বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজও শুরু করে দেওয়া হয়।

সম্প্রতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি জঙ্গলে ৩০টি গণকবরের সন্ধান পাওয়ার পর পাচার হওয়া মানুষদের সমস্যাটি আন্তর্জাতিকভাবে উঠে আসে।

এরই মধ্যে পাচার হওয়া রোহিঙ্গা ও বাংলাদেশিদের সাগরে ভাসমান অবস্থায় সন্ধান পাওয়া যায়। সাগরে ভাসমানদের উদ্ধারে গত সোমবার (১১ মে) আঞ্চলিক দেশগুলোর কাছে আইওএম সহযোগিতা চায়।

এ ঘটনার পর থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর), হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

সবশেষ গত বৃহস্পতিবার (১৩ মে) প্রায় আট শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গাকে বহনকারী দু’টি নৌকা সমুদ্রে ফেরত পাঠায় মালয়েশিয়া।

তারপর থেকে যাত্রীদের নিয়ে সাগরে ভাসছে নৌকা দু’টি। ফলে খাদ্য ও পানির অভাবে ভয়ংকর দুর্দশার মধ্যে রয়েছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.