বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী উড়জাহাজে আসন সংকট চরমে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী উড়জাহাজে আসন সংকট চরমে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়জাহাজে আসন সংকট চরম আকার ধারণ করেছে। এই অজুহাতে দু’-তিনগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে দেশী- বিদেশী সব এয়ারলাইন্স। এতে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা। যথা সময়ে যেতে না পারায় অনেকে চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। বেড়েছে ওমরা হজের প্যাকেজ মূল্যও। ফ্লাইটের সংখ্যা না বাড়ালে রমজান মাসে সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জীবিকার তাগিদে প্রতিদিনই সৌদি আরব, জর্ডান, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি । সৌদি আরবে কর্মী নিয়োগ ও দুবাইয়ের ভিসা উন্মুক্ত হওয়ায় বেড়েছে এই হার। সেই সঙ্গে বেড়েছে ওমরাহ হজ করতে যাওয়া যাত্রীর সংখ্যাও। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমানের আসন সংকট ও ভাড়া বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরি ভিসায় মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা। যথাসময়ে যেতে না পারায় বাতিল হয়ে যাচ্ছে অনেকের ভিসা।

এক বছরে তিনটি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট গুটিয়ে নেয়ার পর জেট এয়ারওয়েজেরও ফ্লাইট বন্ধ হওয়ায় এই সংকট – দাবি এয়ারলাইন্সগুলোর। বাড়তি চাহিদার অজুহাতে এয়ারলাইন্সগুলো অযৌক্তিকভাবে ভাড়া বাড়াচ্ছে অভিযোগ হাব ও আটাবের।

আটাব মহাসচিব আব্দুস সালাম আরেফ বলেন, ‘সিচুয়েশনটা খুবই ক্রিটিকাল। ওমরার প্যাসেঞ্জার আরো বেড়ে যাচ্ছে। এখন থেকে যদি এক্সট্রা ফ্লাইট বিল্ডআপ করা না হয় তাহলে এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে।’
সংকট নিরসনে মধ্যপ্রাচ্যে বেশি আসনের উড়োজাহাজ চালানো হচ্ছে দাবি করে বাংলাদেশ বিমান বলছে, চলতি এপ্রিল ও আগামী মাসেই বহরে আরো দুটি উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ‘এটাকে মোকাবেলা করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার বহরে থাকা যে কটি জাহাজ আছে সেগুলোকে পুনর্বিন্যাস করে বেশি বেশি আসনে উড়োজাহাজ অপারেট করছি। চলতি এপ্রিলে আমাদের বহরে একটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড উড়োজাহাজ সংযুক্ত হচ্ছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্সের ২৫টির বেশি ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.