যাত্রীকে হেনস্থা করায় এয়ার ইন্ডিয়াকে এক লক্ষ টাকা জরিমানা

যাত্রীকে হেনস্থা করায় এয়ার ইন্ডিয়াকে এক লক্ষ টাকা জরিমানা।

অকারণে এক যাত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। ভারতের চণ্ডীগড়গামী বিমান থেকে তাঁকে একপ্রকার ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেন বিমানসেবিকা। এই ঘটনায় চণ্ডীগড়ের কনজিউমার ফোরাম বা ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেছিলেন সেই যাত্রী। তারই ফলস্বরূপ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে যাত্রী হেনস্থার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করলো আদালত।

ঘটনা ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের। পঞ্জাবের সান্ট লোঙ্গোয়াল ইনস্টিটিউটের অধ্যাপক শার্দুল সিং ঘুমান নেদারল্যান্ডের একটি কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন। ইউরোপিয়ান নিউক্লিয়ার ফিজিক্সের ওই অধিবেশনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। কনফারেন্স শেষে নেদারল্যান্ড থেকে দিল্লি পৌঁছন ৫ সেপ্টেম্বর। সেখান থেকেই চণ্ডীগড়গামী এয়ার ইন্ডিয়ার বিমানে চাপেন তিনি।

অধ্যাপকের কথায়, দেশ-বিদেশের নানা জায়গায় কনফারেন্সে যোগ দিতে যাওয়ার জন্য তাঁকে বিমানেই যাতায়াত করতে হয়। তবে এয়ার ইন্ডিয়ার ওই বিমানে চেপে তাঁর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার নয়। তিনি জানান, বিমান ছাড়ার কিছু আগেই এক বিমানসেবিকা তাঁর কাছে এসে খুব খারাপ ভাষায় কথা বলতে শুরু করেন। তিনি কারণ জিজ্ঞাসা করলে, কড়া ভাবে তাঁকে বিমান থেকে নেমে যাওয়ার কথা বলেন ওই বিমানসেবিকা। নেমে যাওয়ার কারণ হিসেবে কোনও যথাযোগ্য যুক্তিও খাড়া করতে পারেননি তিনি।

অধ্যাপক শার্দুল বলেছেন, ‘‘অত্যন্ত অপমানিত হয়ে বিমান থেকে নেমে আমি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। এক বিমানকর্মীর সঙ্গেও কথা হয়। কিন্তু তাঁরা কেউ স্পষ্ট করে কোনও কারণ আমাকে জানাননি।’’ তাঁর কথায়, ‘‘দিল্লি থেকে চণ্ডীগড় ট্যাক্সি ভাড়া করে পৌঁছতে হয়। পাঁচ হাজার টাকার উপর ট্যাক্সি ভাড়া ওঠে। এর পরই আমি চণ্ডীগড়ের কনজিউমার ফোরামে অভিযোগ করি।’’

ঘটনার সপক্ষে এয়ার এন্ডিয়ার তরফে জানানো হয়েছে, নিরাপত্তার খাতিরে ওই যাত্রীর ব্যাগ তল্লাশির জন্যই তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। যদিও এই যুক্তি মানেনি কনজিউমার ফোরাম। তাদের তরফে জানানো হয়েছে, ভারতের হয়ে বিদেশে প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন অধ্যাপকের সঙ্গে এ হেন আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা যায় না। আর কেন ওই অধ্যাপকের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছিল তার কোনও যথোপযুক্ত কারণও দেখাতে পারেনি বিমান সংস্থা। কাজেই এই হেনস্থার মূল্য চোকাতে তাদের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.