কলকাতা বিমানবন্দরে ৬ কোটি ৩০ লাখ টাকা সহ ৭ বাংলাদেশি আটক।
কলকাতায় বাংলাদেশ বিমানের সাত যাত্রীকে তল্লাশি করে সাড়ে সাত লাখ ডলার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ, যা বাংলাদেশি টাকায় ৬ কোটি ৩০ লাখ টাকা।
এর আগে গত সপ্তাহে দুই দিনে বাংলাদেশ বিমানের দুই যাত্রীর কাছ থেকে লক্ষাধিক ডলার বাজেয়াপ্ত করেছিল বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের দুপুরের ঢাকাগামী বিমানের যাত্রী সেলিম ব্যাপারি নামের একজনকে আটক করে তল্লাশির পর ট্রলিব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৫৫ হাজার ডলার।
বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ সূত্রে জানা গেছে, ট্রলিতে বিশেষভাবে তৈরি প্রকোষ্ঠে কালো কার্বন পেপারে জড়ানো অবস্থায় রাখা ছিল ডলারগুলো। সেলিমের গতিবিধি সন্দেহজনক মনে হওয়াতেই সিআইএসএফ তার ব্যাগ তল্লাশি করে। তাকে জিজ্ঞাসাবাদ করে মোহম্মদ সোহাব ও মোহম্মদ আবদুল সরদার নামের আরও দুজনের ব্যাগ আটক করে তল্লাশি করে পাওয়া গেছে ৯২ হাজার ডলার।
এরপর তিনজন বাংলাদেশিকে আটক করে উদ্ধার করা হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ২০০ ডলার। এ ছাড়া সিসিটিভি ক্যামেরায় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সামসুজ্জামান তুহিন নামের আরেকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তার ব্যাগ থেকেও পাওয়া গেছে, ১ লাখ ২৭ হাজার ডলার।
সাতজনকেই গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মোট উদ্ধার হয়েছে ৭ লাখ ৪৩ হাজার ৩০০ ডলার। এরা সকলেই একটি সংগঠিত চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের সন্দেহ করছে । এরা সকলেই ‘ক্যারিয়ার’ বা বাহক বলে মনে করা হচ্ছে। তবে তারা কোথা থেকে এই বিশাল পরিমাণ ডলার পেয়েছেন এবং কেন তা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন, তা নিয়ে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।