দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছে বিএনপি।
‘আমরা সংঘাত নয় শান্তি চাই’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সাধুবাদ জানিয়ে দলটি এ আহ্বান জানায়।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, “আমার দল বিএনপিও আগাগোড়া সংঘাত নয়, শান্তির পক্ষেই অবস্থান। কিন্তু সরকার বিরোধী দলের মিছিল-সমাবেশ পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে মৌলিক অধিকার হরণ করেছে।”
তিনি বলেন, “ক্ষমতাসীনরা জনগণের ন্যায়সঙ্গত ভোটের অধিকারকে উপেক্ষা করে ক্ষমতায় এসেছে। আশা করি, প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলকে নির্মূলের মনোভাব ও প্রতিহিংসা বন্ধ হবে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা জনদাবির প্রতি সম্মান রেখে সমঝোতা ও সংলাপের পথে আসবেন। সংলাপের মাধ্যমেই নির্বাচনের পরিবেশ তৈরি করবেন।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আফজাল এইচ খান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।