ট্যুরিজম ফেয়ারে রিজেন্ট এয়ারওয়েজের টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড়

ট্যুরিজম ফেয়ারে রিজেন্ট এয়ারওয়েজের টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) নবম আসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটের মূল্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনের এই আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া জানান, মেলায় দোহা ও মাস্কাট ছাড়া সব রুটে বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণির টিকিটের মূল্যে ২০ শতাংশ আর ইকোনমি শ্রেণিতে ১২ শতাংশ ছাড় দেওয়া হবে।

এছাড়া রমজান মাসে সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর ও কক্সবাজার রুটে ২০ শতাংশ ছাড়ে টিকিট পাওয়া যাবে মেলায়। দর্শনার্থীদের জন্য প্রতিদিন লাকি ড্রর মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা থাকছে রিজেন্টের প্যাভিলিয়নে।

এ উপলক্ষে অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের প্যাকেজ দেবে মেলায়। সকালের নাশতাসহ হোটেল, বিমানবন্দরে যাতায়াতসহ নানান সুবিধা রয়েছে হলিডে প্যাকেজে।

রিজেন্টের প্যাভিলিয়নে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন সহজ কিস্তিতে টিকিট ও প্যাকেজ কিনতে পারবেন। টিকিট কিংবা প্যাকেজ কেনার জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে রাখতে হবে।

এদিকে বিটিটিএফে ভারতের পর্যটন মন্ত্রণালয় আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা অংশ নেবে। এছাড়া মেলায় ১৬০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়নে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা উপস্থাপন করবে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বিটিটিএফ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.