বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু ৪ জুলাই।
আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৩২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজযাত্রীদের নিয়ে যাওয়ার শেষ ফ্লাইটটি যাবে ৫ অগাস্ট। ফিরতি হজ ফ্লাইট ১৭ অগাস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ মঙ্গলবার এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান।
এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দা ৩টি, চট্টগ্রাম থেকে মদিনা ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের।
শাকিল মেরাজ বলেন, এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান।
তিনি বলেন, “এ বছরই প্রথম ঢাকায় ইমিগ্রেশন হবে হজযাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না তাদের। তবে এ কারণে ফ্লাইটের এক দিন আগেই হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। ফলে ওই সময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেওয়া যাবে না।”
এ কারণে হজ এজেন্ট ও যাত্রীদের তাদের ফ্লাইটের ২৪ ঘণ্টা আগেই যাত্রার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।
জটিলতা এড়াতে এ বছর কোনো হজযাত্রী যাত্রা বাতিল করলে বা সময় পরিবর্তন করলে জরিমানা আদায় করবে বিমান।
শাকিল মেরাজ বলেন, “বিমানের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। হজ এজেন্সি ও হজযাত্রীরা যথাসময়ে ফ্লাইটের টিকিট সংগ্রহ করলে কোনো ধরনের জটিলতা হবে না।”
