ভেঙে তিন খণ্ড বাংলাদেশ বিমানের উড়োজাহাজ

ভেঙে তিন খণ্ড বাংলাদেশ বিমানের উড়োজাহাজ।

বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০৬০ ফ্লাইট। এতে পাইলটসহ চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ৭৪ আসনের বিমানের ফ্লাইটটিতে পাইলট, কেবিন ক্রুসহ মোট ৩৩ জন যাত্রী ছিল। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ভেঙে তিন খণ্ড হয়ে গেছে বলে জানা যায়।

মিয়ানমার টাইমসের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি এস২এজিকিউ বোমবার্ডিয়ার ড্যাশ-৮ কিউ-৪০০ মডেলের। দুর্ঘটনার পর ইয়াঙ্গুন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, বিমানে এক শিশুসহ ২৮ জন যাত্রী এবং দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।

৩৩ জন যাত্রীর মধ্যে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানের পাইলট শামীম নজরুলকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের একটি ফ্লাইট বিজি-০৬০ বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, বিমানটি ছিটকে পড়েছে, ফ্লাইটটিতে এক শিশুসহ ৩২ জন আরোহী ছিল। আহত হয়েছেন পাইলটসহ চার-পাঁচজন।

সূত্র জানায়, আহতদের মধ্যে পাইলটকে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। বাকি আহতদেরও ইয়াঙ্গুনের নর্থ ওকালাপা হসপিটালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান রাত পৌনে ৯টায় কালের কণ্ঠকে বলেন, তিনি নর্থ ওকালাপা হাসপাতালে আছেন। সেখানে ১৯ জন যাত্রী ভর্তি হয়েছে। এ ছাড়া ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কারো প্রাণ সংশয় নেই।

তিনি বলেন, উড়োজাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের সবাই ঘটনাস্থলে রয়েছে।

মিয়ানমারে বিমানের ব্যবস্থাপক মীর আক্তারুজ্জামান বলেন, গতকাল উড়োজাহাজটি অবতরণের সময় আবহাওয়া ছিল খুবই খারাপ, ঘন ঘন বজ পাত হচ্ছিল। আরোহীদের মধ্যে সবাই কমবেশি ব্যথা পেয়েছে।

মিয়ানমারের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি এসেছে তাতে কানাডার কম্পানি বোমবার্ডিয়ারের তৈরি ড্যাশ-৮ উড়োজাহাজটি রানওয়ের পাশে ঘাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এভিয়েশন সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, উড়োজাহাজটির ফিউজিলাজ ভেঙে তিন টুকরো হয়ে গেছে, তলাও ফেটে গেছে। তবে দুর্ঘটনার পর ওই বিমানে আগুন ধরেনি।

বিমানবন্দরে কর্মরত এক পুলিশ সদস্য জানিয়েছেন, ইয়াঙ্গুন বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের কাছের রানওয়েতে উড়োজাহাজটি ছিটকে পড়ে।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ জানান, গত রাত ১০টায় বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুনে পাঠানো হয়েছে। তাতে যাত্রী ও ক্রুদের ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.