বিমান ভাড়াই গুনতে হবে ১ লাখ টাকারও বেশি!
মাদ্রিদে ১ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। উত্তাপের এ ম্যাচের জন্য লিভারপুল ও টটেনহাম উভয় দলই পাচ্ছে ১৬ হাজার ৬১৩টি করে টিকিট। এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয়। এ মাঠে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি দেখতে সমর্থকদের টিকিট কিনতে ব্যয় হবে ৬০ থেকে ৫১৩ পাউন্ড। তবে লিভারপুল সমর্থকদের বড় ব্যয়টা হবে বিমান ভাড়ায়। প্রত্যেক সমর্থককে লিভারপুল-মাদ্রিদ ফিরতি টিকিটের জন্য বিমান ভাড়া গুনতে হবে ১ লাখ টাকারও বেশি।
লিভারপুলের জন্য মাত্র ১৬ হাজার ৬১৩টি টিকিট বরাদ্দ থাকলেও অন্তত ৭০ হাজার অল রেড সমর্থক মাদ্রিদে জমায়েত হবেন। নিশ্চিতভাবেই সেখানে জড়ো হবেন হাজার হাজার টটেনহাম সমর্থকও। দুই ক্লাবের বেশির ভাগ সমর্থকই ম্যাচ টিকিট ছাড়াই স্পেন ভ্রমণ করবেন। শুধু আশায় বুক বেঁধে তারা সেখানে যাবেন। এটা জেনে এরই মধ্যে দালাল ওয়েবসাইটগুলো টিকিটের মূল্য হাঁকাচ্ছে ৪ হাজার পাউন্ড! আর মাদ্রিদ যেতেও সমর্থকদের খরচ হবে আগের কয়েক গুণ বেশি। অ্যানফিল্ডে শেষ বাঁশি বাজার পর পরই ফাইনালের আগের দিনের শুধু মাদ্রিদ যাওয়ার টিকিটের মূল্য বেড়ে ৭৫০ পাউন্ডের বেশি হয়েছে।
ফাইনালের দিন লিভারপুল থেকে মাদ্রিদগামী সরাসরি আর কোনো ফ্লাইট নেই। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এভাবে টিকিটের মূল্য বাড়ানোয় ইজিজেট বিমানের সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলেছেন লিভারপুল শহরের মেয়র স্টিভ রথারাম। মেয়র লিভারপুলের সমর্থক এবং অ্যানফিল্ডে বার্সেলোনাকে হারানোর দিন অল রেড গ্রেট স্যার কেনি ডালগ্লিশের পাশে বসে খেলা দেখেছেন।
বুধবারের খবর, ম্যানচেস্টার থেকে মাদ্রিদগামী ফ্লাইটে টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার ১০০ পাউন্ড; তবে ৩১ মে লিভারপুল থেকে মাদ্রিদগামী ইজিজেট বিমানে গেলে লাগবে ৭৫০ দশমিক ৪৯ পাউন্ড, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৮২ হাজার ৪৩৬ টাকা! অথচ ৩ জুন সোমবার ফিরতি টিকিটের দাম মাত্র ২৩৭ দশমিক ৫৪ পাউন্ড বা ২৬ হাজার ৯২ টাকা। তার মানে, একজন সমর্থকের ফাইনাল দেখে ইংল্যান্ডে ফিরে আসতে প্রায় ১ হাজার পাউন্ড (১ লাখ ৯ হাজার ৮৪৩ টাকা) বিমান ভাড়াই গুনতে হবে! এ নিয়ে রথারাম টুইটারে লিখেছেন, ‘মাদ্রিদে রিটার্ন টিকিটের মূল্য ৬৮৩ শতাংশ বাড়ানোর মানে আসলে ফুটবল সমর্থকদের আবেগকে ব্যবহার করে মুনাফা লাভ করা।’ তিনি যোগ করেন, ‘এটা নতুন কিছু নয়, কিন্তু সম্পূর্ণভাবে লজ্জাজনক।’
বিমান কোম্পানিটি অবশ্য ‘ইচ্ছাকৃতভাবে’ টিকিটের দাম বাড়ানোর কথা অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘আমাদের দাম আসলে চাহিদার ওপর নির্ভর করে ওঠানামা করে। তার মানে, একটি ফ্লাইটে যত বেশি টিকিট বুক করা থাকবে, টিকিটের দাম তত বাড়বে। দামটা উড্ডয়নের আগ পর্যন্ত বাড়তে থাকে।’
এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখতে বিশাল ব্যয় করতে হচ্ছে লিভারপুল সমর্থকদের। গতবারও কয়েক গুণ বেশি বিমান ভাড়া দিয়েছেন তারা। সেই সঙ্গে হোটেল সংকটও চরম আকার ধারণ করে। হোটেলে স্থান সংকুলান না হওয়ায় কিয়েভের বহু মানুষ তাদের বাড়িতেও থাকতে দিয়েছেন সমর্থকদের। ইউক্রেনের তথ্যমন্ত্রীকে দেখা যায়, মাদ্রিদ সমর্থক এক দম্পতিকে নিজ বাড়িতে নিয়ে যেতে। মাদ্রিদেও হোটেল ভাড়া ঊর্ধ্বগামী। এরই মধ্যে প্রতি রাতের ভাড়া ৩০০ পাউন্ড পর্যন্ত উঠেছে। প্রতিদিনই বাড়ছে।
লিভারপুল তো এরই মধ্যে সমর্থকদের জন্য টিকিটের বিস্তারিত মূল্য প্রকাশ করেছে। সবচেয়ে সস্তা টিকিটের দাম পড়বে ৬০ পাউন্ড। যদিও মোট টিকিটের ২০ শতাংশ পাওয়া যাবে এই ৬০ পাউন্ড দামে। এছাড়া ৫৪ শতাংশ টিকিটের দাম ১৫৪ পাউন্ড, ২১ শতাংশ টিকিটের দাম ৩৮৫ পাউন্ড ও ৫ শতাংশ টিকিটের দাম ৫১৩ পাউন্ড। ১৬ হাজার ৬১৩টি টিকিট ছাড়াও লিভারপুলকে ১২০ পাউন্ড দামের ১০০টি কম্বাইন্ড (প্রাপ্তবয়স্ক/জুনিয়র) টিকিট দেয়া হয়েছে। অল রেডরা পেয়েছে আরো ৩০০ টিকিট, যা পাবেন ক্লাব স্টাফ, খেলোয়াড়দের পরিবার ও বন্ধুবান্ধব, যুব দলের খেলোয়াড় ও স্টাফ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
মঙ্গলবার অ্যানফিল্ডে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নেয় লিভারপুল। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৪-৩ গোলের ব্যবধানে। গতবার কিয়েভ ফাইনালে তারা ১-৩ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। গতবার ফাইনালে তাদের টিকিটের মূল্য ছিল ৬১ থেকে ৩৯৪ পাউন্ড।
বুধবার রাতে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামকে হারিয়ে ফাইনালে ওঠা টটেনহাম হটস্পার্স অবশ্য এখনো টিকিটের দাম প্রকাশ করেনি। ফাইনালের ভেনু মেট্রোপলিটানো স্টেডিয়ামের মোট ধারণক্ষমতা ৬৮ হাজার। উয়েফা অবশ্য এরই মধ্যে বিশ্বব্যাপী সমর্থকদের জন্য চার হাজার টিকিট বিক্রি করেছে। বাকি টিকিট বণ্টন করা হবে স্থানীয় আয়োজক কমিটি, উয়েফা, জাতীয় ফুটবল সংস্থা, বাণিজ্যিক সহযোগী, সম্প্রচার কোম্পানি ও করপোরেট আতিথেয়তার জন্য।
ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেছে লিভারপুল। তাদের খেলায় উজ্জীবিত হয়ে পরে আয়াক্সের বিপক্ষেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয় স্পার্সরা। এখন অল-ইংলিশ ফাইনাল দেখতে মাদ্রিদ যেতে মরিয়া দুই ক্লাবের হাজার হাজার সমর্থক। এ মিশনে তাদের জন্য টিকিটের হাহাকার তো রয়েছেই, সেই সঙ্গে খরচটাও হবে লাগামছাড়া। স্পোর্টসমেইল, বিবিসি
