বাংলাদেশ বিমানের রাজশাহী-ঢাকা রুটের ৪ দিনের ফ্লাইট বাতিল।
মিয়ানমারে দুর্ঘটনার কারণে সৃষ্ট প্লেন সংকটে রাজশাহী রুটে বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার (১০ মে) রাজশাহী শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুক্রবার, শনিবার (১১ মে), রোববার (১২ মে) ও মঙ্গলবারের (১৪ মে) ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ১৩ মে’র (সোমবারে) নির্ধারিত ফ্লাইট চলবে।
বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মহিদুল ইসলামও একই তথ্য জানান। তিনি বলেন, বিমানের চলমান শিডিউল বিঘ্ন ঘটলেও ১৩ মে’র ফ্লাইট স্বাভাবিক থাকবে। এর পরের অবস্থা পরে নির্ধারণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে উড়োজাহাজ সংকট থাকায় বুধবার (০৯ মে) তিনটি ফ্লাইট বাতিল করে বিমান।
গত বুধবার (৮ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিজি০৬০ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণকালে মিয়ানমারে দুর্ঘটনার কবলে পড়ে। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের প্লেনটি ৭৪ জন যাত্রী বহনে সক্ষম।