দুই পাইলটের ঝগড়ায় প্লেন অবতরণ করে নালায়!
প্রচলিত আছে, মেয়েরাও যে কাজ জানে তা অনেক পুরুষ মানতে চায় না। এমনকি মেয়ের দেওয়া পরামর্শকে হেয় প্রতিপন্ন করতে বদ্ধপরিকর থাকে পুরুষটি। এমনই একটা ঘটনার নজির রয়েছে ভারতের বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ায়।
সহকারি পাইলট মেয়ে। তার ওপর ৩০ বছরের ছোট। বিমান উড্ডয়নের সময় মাথা একটু গরম ছিল পাইলটের। যদিও তিনি অভিজ্ঞ প্রবীণ পাইলট। সদ্য পাশ করা অল্প বয়সী সহকারি যুবতী পাইলটের পরামর্শ মানতে চাননি তিনি। ফলে রাগের চোটে যাত্রী-সহ আস্ত বিমান রানওয়ের বদলে নামিয়ে দিয়েছিলেন নালার পানিতে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX-৪৫২ বিমান দুর্ঘটনার তদন্তে নেমে এমন কারণই জানতে পেরে চক্ষু চড়কগাছ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের।
বিমান সংস্থা সূত্রে খবর, ঘটনা ১৮ মাস আগের। ২০১৭ সালের ২ সেপ্টেম্বর আবু ধাবি থেকে
ভারতের কোচির উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এই বিমান। যাত্রী-বিমানকর্মী মিলিয়ে ১০২ জন ছিলেন বিমানে। উড্ডয়ন শুরুর সময় আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল। তবে উড্ডয়নের সময় পিছিয়ে দেওয়া হয়নি। অভিজ্ঞ পাইলটের ভরসাতেই বিমান আবু ধাবির মাটি থেকে উড়েছিল।
কিন্তু তদন্তে দেখা গেছে, বৃষ্টির দাপট বাড়ায় জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট। বিমান ল্যান্ড করার কিছুক্ষণ আগেই সহকারি পাইলট বারবার সতর্ক করতে থাকেন পাইলটকে। বলেছিলেন, এখন বিমান অবতরণ না করিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে। ঝড়ের তেজ কমলে ধীরে সুস্থে বিমান অবতরণ করতে। যদিও এই পরামর্শে কর্ণপাত করেননি পাইলট।
সহকারি পাইলট জানান, বৃষ্টির কারণে দৃশ্যমানতা প্রায় তলানিতে ঠেকেছে। এই সময় সরাসরি অবতরণ না করিয়ে ‘ফলো-মি ভেহিকল’-এর সাহায্য নিতে পারেন পাইলট। এই ‘ফলো-মি ভেহিকল’ হল আপত্কাদলীন অবস্থায় এই বিশেষ গাড়ি রানওয়েতে বিমানকে পথ দেখিয়ে নিয়ে যায়। সেই পরামর্শতেও পাত্তা না দিয়ে উল্টো ধমক দিয়ে সহকারি পাইলটকে চুপ করিয়ে দেন তিনি।
মহিলা সহকারি পাইলটকে টক্কর দিতে গিয়ে ৯০মিটার আগেই বিমান অবতরণ করিয়ে দেন পাইলট। সেটি পিছলে গিয়ে নালার পানিতে গিয়ে পড়ে। দুর্ঘটনায় বিমানের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন তিন-চারজন যাত্রী।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) তদন্ত শেষ করে জানিয়েছে, তখন মনে করা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণেই ওই বিমান দুর্ঘটনা ঘটে। পরে তদন্তে মেলে এই তথ্য। প্রবীণ পাইলটের লাইসেন্স তিন মাসের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।