প্রধানমন্ত্রী দেশে ফেরার পর উদ্বোধন হবে ‘গাঙচিল’।
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘গাঙচিল’ ইতোমধ্যে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৭ আগস্ট এটি উদ্বোধন করার কথা। কিন্তু প্রধানমন্ত্রী শেষ হাসিনা দেশে না থাকায় তা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডনে আছেন। সেজন্য গাঙচিলের উদ্বোধন পেছানো হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর উদ্বোধনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। সে বিষয়ে উদ্যোগ নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছায় গাঙচিল। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি তৃতীয় প্রজন্মের উড়োজাহাজটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৃতীয় ড্রিমলাইনার।প্রসঙ্গত, যুক্তরাজ্য সফর শেষে আগামী ৮ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।