বাংলাদেশ বিমানের কাছে বকেয়া পাওনার সোয়া তিনগুণ দাবি বিপিসির।
রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার জন্য পদ্মা অয়েল থেকে জেট ফুয়েল কেনে। কিন্তু নিয়মিত পাওনা পরিশোধ করতে না পারায় বকেয়া পাওনা বাড়ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সর্বশেষ হিসাবে এ পাওনা ছয় হাজার ৪৫২ কোটি টাকা। অন্যদিকে পদ্মা অয়েলের হিসাবে পাওনা দুই হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ প্রকৃত পাওনার চেয়ে প্রায় সোয়া তিনগুণ বেশি বকেয়া পাওনার দাবি
বিপিসি’র! যদিও উভয়ের হিসাব একটা হওয়ার কথা। আর বিপিসি’র হিসাব প্রক্রিয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
বিপিসির সূত্রমতে, বিমান জেট ফুয়েলের বড় গ্রাহক। বিপিসির সর্বশেষ (চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত হিসাব) এমআইএস প্রতিবেদনে এ পাওনা দেখানো হয়েছে ছয় হাজার ৪৫২ কোটি টাকা। আর গত বছরের অক্টোবর-ডিসেম্বর এমআইএস প্রতিবেদনে এ পাওনা দেখানো হয় পাঁচ হাজার ৯৮৭ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ ৯ মাসের ব্যবধানে বকেয়া পাওনা বেড়েছে ৪৬৫ কোটি টাকা। বকেয়া পরিশোধে বিমানকে বারবার তাগাদা দিয়ে সাড়া পাচ্ছে না বিপিসি। তাই পাওনা পরিশোধের জন্য জ্বালানি বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে একাধিকবার বৈঠক ও চিঠি চালাচালি হয়েছে। তবে পাওনা পরিশোধে নিশ্চয়তা মেলেনি।
এদিকে দেশে জেট ফুয়েলের বিপণনকারী একমাত্র প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেড। প্রতিষ্ঠানটির আগস্ট মাস শেষে বকেয়া হিসাব থেকে জানা যায় বিমানের কাছে সুদাসলসহ মোট বকেয়া পাওনার পরিমাণ দুই হাজার ৬৩ কোটি টাকা। আর কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভিন্ন পাওনাদার প্রতিষ্ঠানের কাছ থেকে পদ্মা অয়েলের মোট পাওনা আছে এক হাজার ৭৭৪ কোটি ৬৭ লাখ টাকা, যা একই সময়ে আগের বছরের ছিল এক হাজার ৯৫৯ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে বিমানের কাছে বকেয়া পাওনা এক হাজার ৭৩৮ কোটি টাকা।
হিসাববিদদের মতে, বিমানের কাছ থেকে প্রকৃত পাওনার তিনগুণের বেশি অর্থের দাবি কীভাবে করতে পারে বিপিসি? বিপিসি’র মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থার কাছ থেকে এ ধরনের আচরণ কিংবা ভুল প্রত্যাশা করা যায় না। আর শক্তিশালী অডিট বিভাগ না থাকায় অভ্যন্তরীণ নিরীক্ষা স্বচ্ছতা ছাড়াই সব আয় ও ব্যয়ের বিল পাস হচ্ছে সংস্থাটির। এতে বিপিসির সব ধরনের লেনদেন ও হিসাব-নিকাশে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত হচ্ছে না। ফলে অনেক সময় বিপিসি’র হিসাবের সঙ্গে অধীন সংস্থাগুলোর হিসাবে গরমিল দেখা যায়। পাশাপাশি পরিচালনায় অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
এ বিষয়ে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল আলম বলেন, বিপিসি’র হিসাবে ভুল আছে। বাংলাদেশ বিমানের কাছে গত আগস্ট পর্যন্ত সুদাসলে পদ্মা অয়েলের পাওনা আছে দুই হাজার ৬৩ কোটি টাকা। এ পাওনা আদায়ের জন্য বেশ কয়েকবার মন্ত্রণালয়ে মিটিং হয়েছে। কিন্তু বিমান বকেয়া টাকা পরিশোধ করেনি।
পদ্মা অয়েলের সঙ্গে বিপিসির হিসাবের পার্থক্য আছে শুনে বিস্ময় প্রকাশ করে সংস্থাটির পরিচালক (হিসাব) শহিদুল আলম প্রতিবেদককে উল্টো প্রশ্ন করেন, ‘আপনি এ তথ্য কোথায় পেয়েছেন?’ তখন প্রতিবেদক জানায়, প্রতিবেদনটি বিপিসির ওয়েবসাইটে আছে। পরে তিনি বলেন, ‘বিষয়টি আমি দেখব। ভুল থাকলে আমরা ঠিক করে প্রকাশ করব।’
উল্লেখ্য, গত ২০১৭-১৮ বছরের সব বিমান সংস্থাগুলোর কাছে জেট ফুয়েল বিক্রয়ের পরিমাণ ছিল চার লাখ আট হাজার ২৭২ টন, যা ২০১৬-১৭ অর্থবছরে ছিল তিন লাখ ৭৬ হাজার ৭০০ টন। এর মধ্যে বাংলাদেশ বিমান ক্রয় করে ২৫ শতাংশ। আর ৭৫ শতাংশ কিনে দেশীয় বেসরকারি ও বিদেশি উড়োজাহাজ সংস্থা। তাদের কাছে বিপিসির কোনো বকেয়াও নেই। কিন্তু আর্থিক সংকটের কথা বলে ২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত বিপিসিকে কোনো টাকাই দেয়নি বিমান।