সহিংসতার আশঙ্কায় শিকাগোয় ট্রাম্পের সভা বাতিল

abba4c8c62733e23970d937a308af33c-2016-03-12T042047Z_819169646_GF10000342559_RTRMADP_3_USA-ELECTION-TRUMPসহিংসতার আশঙ্কায় গতকাল শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আয়োজিত এক জনসভা বাতিল করা হয়েছে। প্রায় ২০ হাজার ট্রাম্প সমর্থকের সঙ্গে কয়েক হাজার ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীর হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ এতে হস্তক্ষেপ করে। পরে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ট্রাম্পের নির্দেশে সভা বাতিল ঘোষিত হয়।
ট্রাম্প আয়োজিত বিভিন্ন সভায় বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাম্প-সমর্থকদের হাতাহাতি এখন প্রায় একটি নিয়মিত ব্যাপারে দাঁড়িয়েছে। ট্রাম্প নিজে একাধিকবার বিক্ষোভকারীদের ‘মুখ ভোঁতা করে দেওয়ার’ হুমকি দিয়েছেন। কয়েকজন সাংবাদিকও ট্রাম্পের সভায় দায়িত্ব পালনকালে আহত হন। ট্রাম্পের অতি উত্তেজক বক্তব্য এ দেশের ‘শ্বেত-শ্রেষ্ঠত্ববাদীদের’ মধ্যে একদিকে বিপুল উৎসাহের সঞ্চার করেছে, অন্যদিকে গণতন্ত্রমনা মধ্যপন্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। অনেকে ট্রাম্পকে খোলামেলাভাবে হিটলারের সঙ্গে তুলনা করছেন। শিকাগোর সভায় বিক্ষোভকারীদের হাতে বহন করা প্ল্যাকার্ডে ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করে প্রত্যাখ্যানের আবেদন করা হয়।
একটি মার্কিন টিভি চ্যানেলের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই সহিংসতার জন্য কোনো ধরনের দায়-দায়িত্বের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন প্রচণ্ড রকমের বিভক্ত এক দেশ। এমন এক অবস্থার সঙ্গে আমরা আগে কখনো পরিচিত ছিলাম না।’

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ। এক বিবৃতিতে তিনি রাজনৈতিক অসহিষ্ণুতার জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। তিনি বলেন, তাঁর প্রচারণা-কেন্দ্রিক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সব দায়-দায়িত্ব ট্রাম্পের। আরেক প্রতিদ্বন্দ্বী মার্কো রুবিও ট্রাম্পকে এ ঘটনার দায়-দায়িত্ব গ্রহণের কথা বলেছেন।

আগামী মঙ্গলবার ১৫ মার্চ, ট্রাম্প ও তাঁর চার প্রতিদ্বন্দ্বী গুরুত্বপূর্ণ প্রাইমারি ভোটের সম্মুখীন হবেন। এর আগে এমন একটি ঘটনা অন্য যেকোনো প্রার্থীর জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারত। কিন্তু অনেক ভাষ্যকারের ধারণা, এতে ট্রাম্প তাঁর অনুগত সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা আরও বাড়াতে সক্ষম হবেন। এখন পর্যন্ত মূলত স্বল্পশিক্ষিত ও রক্ষণশীল শ্বেতকায় সমর্থকদের ভোটে ট্রাম্প নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.