জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, সরকারের ক্ষমতাবাজীর কারণে দেশ আজ চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২০ হাজার কোটি, শেয়ার বাজার থেকে ৮০ হাজার কোটি টাকা লুট হয়েছে। বিদেশে পাচার হয়েছে ৩০ থেকে ৫০ হাজার কোটি টাকা।
এক বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি খোদ বাংলাদেশ ব্যাংকের জিম্মা থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে যাওয়া মানুষের উদ্বেগকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী। এরই মধ্যে যুক্তরাজ্যের সাথে কার্গো বিমান যোগাযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা বাতিল হয়েছে। মালয়েশিয়ার সাথে ১৫ লাখ শ্রমিক পাঠানোর চুক্তি হওয়ার পরও সেই চুক্তি বাতিল হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ সরকার এ সকল বিষয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে পারছে না।
তারা আরো বলেন- তাহলে দেশ আজ যাচ্ছে কোথায়? আমরা কি সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি? ইতোমধ্যে লাখো মানুষের ত্যাগের বিনিময়ে উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা সব কিছুই শুধু ক্ষমতার স্বার্থে শেষ হয়ে যাবে?