জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় কমান্ডার ওমর শিশানি মারা গেছেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়ে মারা গেছেন শিশানি।
এর আগে খবর বের হয়, শিশানি সম্ভবত বেঁচে আছেন। তবে তিনি গুরুতর আহত হয়েছেন। বিমান হামলায় তাঁর একাধিক দেহরক্ষী নিহত হয়েছেন।
গত ৪ মার্চ ওই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। এতে শিশানি নিহত হয়ে থাকতে পারেন বলে আভাস দেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা। তখন পর্যন্ত মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।এখন পেন্টাগনের এক মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করে বলেছেন যে, তাদের সবশেষ পর্যালোচনা অনুযায়ী শিশানি মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গির একজন ওমর। তিনি আবু ওমর আল-শিশানি বা ওমর দ্য চেচেন নামেও পরিচিত।
আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক হিসেবে ওমরের খ্যাতি রয়েছে। তাঁর ব্যাপারে তথ্য দিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাঁকে আইএসের যুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে বর্ণনা করে আসছিল পেন্টাগন।
