যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে দলীয় বাছাই পর্বের নির্বাচন। অঙ্গরাজ্যগুলো হলো: ওহাইয়ো, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, ইলিনয় ও মিসৌরি। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য এই পাঁচটি অঙ্গরাজ্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রাথমিকে এগিয়ে থাকা প্রার্থীদের অবস্থান শক্ত করার জন্য এই অঙ্গরাজ্যগুলোর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে প্রধান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হয় ওহাইয়ো ও ফ্লোরিডাকে। এছাড়া বাকি তিনটিও কম গুরুত্বপূর্ণ নয়।
এই নির্বাচনের মধ্য দিয়ে নিজ দলের প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় ডেমোক্রেট দলের পক্ষ থেকে এগিয়ে হিলারি ক্লিনটন। একইভাবে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চাচ্ছে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পও। নিজ দলের মনোনয়ন জেতার ব্যাপারে আশাবাদী নিউইয়র্কের এই রিয়েল এস্টেট মোগল।
তবে এজন্য কঠিন পরীক্ষা দিতে হচ্ছে তাকে। তাছাড়া ডেমোক্রেটদের সমালোচনা তো আছেই। মুসলিম বিদ্বেষী বক্তব্যের কারণে ইতিমধ্যে বেশ কয়েকবার বিতর্কিত হয়েছেন ট্রাম্প। তবে সরে আসেননি নিজের অবস্থান থেকে।
