বিমানে যাত্রীসেবার মান বৃদ্ধিতে আপস নেই: বিমান প্রতিমন্ত্রী

বিমানে যাত্রীসেবার মান বৃদ্ধিতে আপস নেই: বিমান প্রতিমন্ত্রী।

বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড না করে যাত্রীসেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ফ্লাইট ক্যাটারিং সেন্টার ও বিমানবন্দরের এপ্রোনে পার্ক করা বিমানের বিভিন্ন উড়োজাহাজ আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।

এ সময় বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ইন-ফ্লাইট সেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমানের ভাবমূর্তির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। এমন কিছু করা যাবে না, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিমানে ভ্রমণ করা দেশি-বিদেশি প্রত্যেক যাত্রী আমাদের সম্মানিত অতিথি। খেয়াল রাখতে হবে, আমাদের অতিথিদের সেবায় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। যাত্রীসেবার মান বৃদ্ধির ব্যাপারে কোনো আপস নেই।’

বিমানের সেবার মানের বিষয়ে অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, ‘বিমান সংস্কারপ্রক্রিয়ার অংশ হিসেবে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। সেবার মানের প্রশ্নে কোনো ধরনের অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না। বিমানের সুনাম ফিরিয়ে আনতে যা যা করণীয়, তার সবই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় করবে। রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.