২০১৯ সালে এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী কমেছে ১০ লাখ

২০১৯ সালে এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী কমেছে ১০ লাখ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক বিশ্বসেরা বিমানসংস্থা এমিরেটস সদ্য সমাপ্ত ২০১৯ সালে তার বিশ্বব্যাপী নেটওয়ার্কে ৫ কোটি ৮০ লাখ যাত্রী পরিবহন করে, যা ২০১৮ সাল থেকে পাক্কা ১০ লাখ কম। যদিও এমিরেটসের জন্য ২০১৯ ছিল “রূপান্তরের বছর”।

আল খালিজ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ এ এমিরেটস সপ্তাহে গড়ে ৩ হাজার ৫০০ এরও বেশি ফ্লাইট পরিচালনা করেছিল যা পুরো বছরে গিয়ে দাঁড়ায় ১ লাখ ৮৬ হাজার ফ্লাইটে। অন্যদিকে ২০১৮ তে তারা সপ্তাহে গড়ে চালিয়েছিল ৩ হাজার ৭০০ এরও অধিক ফ্লাইট যা পুরো বছরে ১ লাখ ৯২ হাজার হয়েছিল।

যদিও তাদের এই ফ্লাইট বা যাত্রী কমার পেছনে একটি অপ্রত্যাশিত ব্যাপার দায়ী, যা তাদের হাতে ছিল না। দুবাই এয়ারপোর্টের দুটি রানওয়ে টানা ৪৫ দিন বন্ধ থাকায় এমন ক্ষতির সম্মুখীন হয় এমিরেটস। জানা যায়, গেল এপ্রিলের মধ্যভাগ থেকে মে’র শেষ পর্যন্ত টানা দেড় মাস দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর তাদের দক্ষিণ রানওয়ে বন্ধ ঘোষণা করেছিল।

বন্ধ থাকা সময়টাতে এই রানওয়েজুড়ে পুরোদমে চলে সংস্কার কাজ। দুবাই বিমানবন্দরের দক্ষিণের এই রানওয়েটি সবচেয়ে দীর্ঘ যা লম্বায় ৪ হাজার ৫০০ মিটার এবং প্রস্থে ৬০ মিটার। এটির আধুনিকায়নের জন্য এর ভিত্তি আরো মজবুত করে আলোকায়ন ও সহায়ক অবকাঠামো উন্নত করা হয়। দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস জানান, নিরাপত্তা, সক্ষমতা ও সমৃদ্ধির স্বার্থে সংস্কার কাজ খুবই জরুরী ছিল।

এই রানওয়ে বন্ধ থাকায় এমিরেটস শুধু নয় অন্যান্য বিমানসংস্থাকেও পোহাতে হয়েছে ক্ষতি। এপ্রিল ও মে’তে দুবাই থেকে পরিচালিত বেশ কয়েকটি বিমানসংস্থা তাদের সেবা কিছুটা কমিয়ে আনতে বাধ্য হয়।

এছাড়াও গাল্ফ নিউজ এর পক্ষ থেকে জানা গেছে, বিমানের সংখ্যার হিসেবে ২০১৯ এর মে মাস ছিল দুবাই বিমানবন্দরের জন্য সবচেয়ে নিরুত্তাপ মৌসুম। তার উপর এই মাসে রমজানের আনুষ্ঠানিকতা থাকায় আগে থেকেই কম যাত্রীর আশা করা হয়েছিল।

তবে এমিরেটসের জন্য ২০১৯ ছিল উড়োজাহাজ বহর এবং নেটওয়ার্ক পরিকল্পনার জন্য “রূপান্তরের বছর”। প্রকৃতপক্ষে, এই বিমানসংস্থাটি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও ভাল অবস্থান গড়তে এই বছরটিতে প্রচুর পরিবর্তন এনেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.