ইংল্যান্ডের গতি তারকা জোফরা আর্চার গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছিলেন। গ্যালারি থেকে তাকে উদ্দেশ্যে করে বর্ণবাদী মন্তব্য ও অকথ্য গালিও ছোড়া হয় । যা নিয়ে বেশ তোলপাড় হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সে বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আর্চার। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেসি) জোফরা আর্চার কাছে দুঃখপ্রকাশ করেন এবং যথাযথ পদক্ষেপ নেয়ার ব্যাপারে আশ্বাস দেন। অবশেষে প্রায় দুই মাস পরে পদক্ষেপ নিলো এনজেসি। নিষিদ্ধ করলো গালি দেয়া সেই দর্শককে।
এ শাস্তির ব্যাপারে জানিয়েছে খোদ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা এরই মধ্যে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে দুই বছরের শাস্তির কথা জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এমন কিছু হলে আরও কঠিন শাস্তির সতর্কতাও দেয়া হয়েছে।
এনজেসির মুখপাত্র অ্যান্থনি ক্রামি বলেন, ‘আমরা আবারও জোফরা আর্চার এবং ইংল্যান্ড টিম ম্যানেজম্যান্টের কাছে দুঃখপ্রকাশ করছি, এমন ঘটনার জন্য। ক্রিকেট মাঠে এই ঘটনা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। আমরা নিউজিল্যান্ডের পুলিশকে ধন্যবাদ জানাই, দোষী ব্যক্তিকে বের করতে সাহায্য করায়।’