ইউক্রেনের যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমান দুর্ঘটনায় গ্রেপ্তার ইরানের এক মিসাইল অপারেটর।

ইউক্রেনের যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমান দুর্ঘটনায় গ্রেপ্তার ইরানের এক মিসাইল অপারেটর। কয়েকদিন আগেই বিমানটি ধ্বংসের কথা স্বীকার করে তেহরান। তারপর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, ইরানের রেভলিউশনারি গার্ডের এরোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদে জানিয়েছেন, একজন মিসাইল অপারেটর ভুল করে যাত্রীবাহী প্লেনটিকে ক্ষেপণাস্ত্র বলে চিহ্নিত করেন। তারপর নিজের সিদ্ধান্তে সেটিকে নিশানা করে মিসাইল হামলা চালান। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি এই কাণ্ডে প্রথম গ্রেপ্তারির খবর ঘোষণা করেন। তিনি বলেন, ‘বিস্তারিত তদন্তের পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ তবে তাঁরা সংখ্যায় কতজন তা তিনি স্পষ্ট করেননি।

প্রেসিডেন্ট রৌহানি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের রেয়াত না করার বার্তা দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পদক্ষেপ নিয়েছেন ইরান।

এদিকে, ইরানের এই স্বীকারোক্তির পরেই গর্জে ওঠে ইউক্রেন ও কানাডার সরকার। সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট করে এই নারকীয় ঘটনার জন্য ইরানের শাস্তি দাবি করেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোডাইমার জেলেনস্কি। এই ঘটনার জন্য ইরানের বিরুদ্ধে তোপ দাগেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সরকারি বিবৃতি দিয়ে মৃতদের পরিবার ও তাঁদের প্রিয়জনদের কথা ভেবে ইরানকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে বলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.