‘জয় বাংলা-বাংলার জয়’ গেয়ে গেয়ে কলকাতা থেকে অষ্টমবারের মতো ঢাকায় এসেছেন সৌরজিৎ রায় ও তার দল। প্রতিবারের মতো এবারও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।
এবছর ১৪ ফেব্রুয়ারি কলকাতায় বিদ্যাসাগরের বাড়ি থেকে কোমরে ব্যাগ, কপালে লেখা ২১ ফেব্রুয়ারি, সবার হাতে ভারতের পতাকা, বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’– এই স্লোগানকে বুকে ধারণ করেই ১৬ জনের দলটি সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন।প্রায় ৪৫০ কিলোমিটিার পথ পাড়ি দিয়ে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা শহীদ মিনারে এসে পৌঁছান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে প্রবেশের আগে তারা ফুল হাতে ‘ভাষার জয়’ বলে স্লোগান দেন। এসময় তারা ‘জয় বাংলা-বাংলার জয়’ গানটি গাইতে থাকেন। এছাড়া, ‘আমি বাংলায় গান গাই’-সহ কয়েকটি দেশাত্মবোধক গানও গায় সৌরজিৎ রায়ের দল। এসময় ‘জয় বাংলা’, ‘জয় হিন্দ’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় বিদ্যাসাগর’ স্লোগান দেন তারা।
ভারতের ট্যুর সংস্থা ‘১০০ মাইলসের’ উদ্যোগে তাদের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার ঘটনা আট বছর ধরে চলে আসছে। ২০১২ সাল থেকে তারা নিয়মিত বাংলাদেশে আসছেন এবং শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঘুরে দেখছেন বাংলাদেশের স্মৃতি বিজড়িত স্থানগুলো।
সৌরজিৎ রায় বলেন, প্রথম বছরে অভিযানে সঙ্গী ছিল সাতহ জন। ধীরে ধীরে সংখ্যায় বেড়ে এবছর দাঁড়িয়েছে ২০ জনে। এই উৎসাহে শামিল হয়েছেন ৬৭ বছরের আরোহীও।আমরা জন্মের পর থেকে তিনটি জিনিস বয়ে বেড়াই— ১. নাগরিকত্ব, ২. আমাদের ধর্ম, ৩. আমাদের জাতিসত্তা।
তিনি আরও বলেন, ‘২৬ সেপ্টেম্বর থেকে আমরা প্রথম পর্ব শুরু করি বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ থেকে। ২৭ সেপ্টেম্বর বিদ্যাসাগরের বাড়িতে শেষ করি। এরপর ১৪ ফেব্রুয়ারি সেখান থেকেই শুরু করে আজকে ঢাকায় এসে পৌঁছেছি।’