শাহবাগে আন্দোলনরত নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Shahbagশাহবাগ মোড়ে আন্দোলনরত বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিবিএনএ) সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। পরীক্ষা পদ্ধতির বদলে মেধা, যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন এ দুটি সংগঠনের সদস্যরা। দুপুরের দিকে পুলিশ অবরোধ সরানোর জন্য ১৫ মিনিটের আল্টিমেটাম দেয়। কিন্তু সুনির্দিষ্ট আশ্বাস না পেলে শাহবাগ অবস্থান ছেড়ে কেউ যাবে না বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এরপরই শুরু হয় সংঘর্ষ। শাহবাগ মোড়ের মূল সড়কে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা। এতে শাহবাগের মূল রাস্তার সবদিকে যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয়েছে সাউন্ড গ্রেনেড। অবরোধকারীর ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারের কর্মকমিশন সচিবালয় থেকে ৩ হাজার ৬১৬ জন সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে হাজার হাজার বেকার নার্স চাকরির আবেদন করতে পারবে না। তাই প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশোধন করে জৈষ্ঠতার ভিত্তিতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.