যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দু’জনের মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তারা। নিহতরা হলেন- সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল ইসলাম (৩৮), একই গ্রামের আনার উদ্দিনের ছেলে সবুজ (২৯)। এর আগে বুধবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা মাঠে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও এ ঘটনায় আশংকাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আন্দোলনপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তাফা (৩০), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২১) ও রাকিব হোসেন। আহতদের আটক দেখানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান। আরও একজনের অবস্থা আশংকাজনক রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তারা বোমা তৈরি করছিলেন। নিজেদের তৈরি বোমা বিস্ফোরণেই তারা আহত হয়েছেন। আহতের আটক দেখানো হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনা নির্বাচন সংক্রান্ত কিনা তা পুলিশ এখনও নিশ্চিত না। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন শামিম আহম্মেদ। তিনি জানান, আহতরা আন্দোলপাতা বাজারে বসে ছিলেন। এসময় মোটরসাইকেলে অজ্ঞাত সন্ত্রাসীরা এসে তাদের ওপর বোমা হামলা চালায়।
আরও খবর
